
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে স্কুল চলাকালে শিক্ষার্থীরা নিজেদের কাছে কোনোভাবেই মোবাইল ফোন রাখতে পারবে না।
২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে এ বিষয়ে আইনগত বাধ্যবাধকতাসহ নির্দেশনা কার্যকর করা হয়।
এর ফলে স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোর জন্য পুরো স্কুল সময়কে ফোনমুক্ত রাখা বাধ্যতামূলক হয়েছে। এবার বিদ্যমান নির্দেশনায় আরও কঠোর পরিবর্তন আনছে সরকার।
বর্তমানে ইংল্যান্ডের কিছু স্কুলে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু রয়েছে। এ নীতিতে শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারে, তবে তা দেখা বা শোনার সুযোগ নেই।
নতুন নির্দেশনায় এই সুযোগও বন্ধ করা হবে।
তবে স্কুলপ্রধানদের সংগঠনগুলো বলছে, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থায়ন ছাড়া নতুন বিধিনিষেধ বাস্তবায়ন করা স্কুলগুলোর জন্য কঠিন হবে।
শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সরকারের স্পষ্ট বার্তা হলো, ‘স্কুল হলো শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, ফোনে স্ক্রল করার নয়।’
সরকারের মতে, স্কুলে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে শিক্ষার্থীরা পড়াশোনা ও পারস্পরিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
যেভাবে কার্যকর হবে নতুন নিয়ম
নতুন নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্কুলগুলোকে স্বাধীনতা দেওয়া হবে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুলে দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে পুরো ক্যাম্পাসেই ফোন ব্যবহার নিষিদ্ধ।
বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের নীতি পুরো স্কুলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব স্কুলেই এমন পরিবর্তন দেখতে চায়।
ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে স্কুলটি মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করতে ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে।
তিনি বলেন, ফোন ব্যবহারের স্বাধীনতা হারানোর বিষয়ে কারও কারও আপত্তি থাকলেও ফোন তালাবদ্ধ করে রাখার ফলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে।
তার ভাষায়, ‘এখন শিক্ষার্থীরা ফোনে স্ক্রল করার পরিবর্তে একে অপরের সঙ্গে কথা বলতে পারে।’
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে। কারণ, মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ কমেছে। এর ফলে তাদের ফলাফলও ভালো হচ্ছে।
ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলস অরমিস্টন একাডেমির মতো কিছু স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ সরবরাহ করা হচ্ছে।
নতুন নীতি বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলপ্রধানরা যেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেন, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সমর্থন
প্রচারাভিযানভিত্তিক সংগঠন জেনারেশন ফোকাসের সহপ্রতিষ্ঠাতা শার্লট অ্যাশটনও সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘নো সি, নো হিয়ার’ নীতি কার্যকর হচ্ছে না। শিক্ষার্থীরা এখনো স্কুলের শৌচাগারে বসে টিকটক ব্যবহার করছে।
অন্যদিকে, ছায়া শিক্ষামন্ত্রী লরা ট্রট বলেন, লেবার পার্টির সরকার অবশেষে তাদের দাবিতে সাড়া দিয়ে স্কুলে স্মার্টফোন ব্যবহারে যথাযথ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এতে তিনি আনন্দিত। পাশাপাশি স্কুলে প্রযুক্তি ব্যবহারের নিরাপত্তার মান পর্যালোচনার উদ্যোগকেও সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।
তবে শ্রেণিকক্ষে কোন প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকারের সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ করেন লরা ট্রট।
যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলেও উদ্যোগ
শিক্ষাব্যবস্থা যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে পৃথকভাবে পরিচালিত হওয়ায় স্কুলে মোবাইল ফোন ব্যবহারের নীতিও অঞ্চলভেদে ভিন্ন।
স্কটল্যান্ডের সরকার স্কুলে ব্যক্তিগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য নতুন আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জনমত যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছে।
ওয়েলসে স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করে জাতীয় পর্যায়ে আইন প্রণয়নের একটি প্রস্তাব সম্প্রতি পার্লামেন্টে নাকচ হয়েছে। তবে সেপ্টেম্বরে এ বিষয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার। এর মাধ্যমে স্কুলগুলোকে মোবাইল ফোন ব্যবহারের নীতিমালা তৈরিতে সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া হবে।
ওয়েলস সরকার স্কুল চলাকালে মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। তবে নিজস্ব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে স্কুলপ্রধানদের স্বাধীনতা রয়েছে।
অন্যদিকে, নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষামন্ত্রী পল গিভান গত আগস্টে স্কুলে আইনগতভাবে মোবাইল ফোন নিষিদ্ধ করা যায় কি না, তা নিয়ে ১২ সপ্তাহের পরামর্শ গ্রহণ কার্যক্রম শুরু করেন। দেশটির শিক্ষাব্যবস্থায় আরও কঠোর ও অভিন্ন নীতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আলাদা নিষেধাজ্ঞা
স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আসন্ন নিষেধাজ্ঞা থেকে আলাদা।
আগামী মার্চে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় ১৬ বছরের কম বয়সিরা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।
দেশটির সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, ভিন্টেড ও ইবে-এর মতো অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্মও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে পারে।
তথ্যসূত্র: বিবিসি।

মন্তব্য করুন