
রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে গত ১০ নভেম্বর রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না এবং দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না—সে বিষয়ে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানদের এসব তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা জানাতে হবে। একই সঙ্গে ক্লাস ও পরীক্ষার দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি গ্রহণ করেছিলেন কি না—সেসব তথ্যও জানাতে হবে।
নির্দেশনায় বলা হয়, উল্লিখিত তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্তব্য করুন