
বিশ্বমঞ্চে জলবায়ু পরিবর্তনের আলোচনায় ‘ক্ষতিপূরণ’ এবং ‘জলবায়ু ন্যায়বিচার’ শব্দ দুটি এখন অত্যন্ত পরিচিত। কিন্তু এই ন্যায়বিচারের বাণী আর বাস্তবের হিসাব-নিকাশের মধ্যে ব্যবধান যে কতখানি আকাশ-পাতাল, তার জ্বলন্ত প্রমাণ সাম্প্রতিক এক গবেষণা।
ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’ (সিআই)-এর প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এক মর্মান্তিক চিত্র—২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের জ্বালানি খাতে প্রাপ্ত জলবায়ু অর্থায়নের ৯০ শতাংশের বেশি এসেছে ঋণ হিসেবে।
প্রশ্ন জাগে, এটি কি তবে জলবায়ু সহায়তা, নাকি ঋণ বিক্রির নতুন এক ফাঁদ?
কার্বন নিঃসরণে উন্নত শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় আজ প্রমাণিত। অথচ বিশ্বের অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলো নিজেদের ঐতিহাসিক দায়িত্ব এড়িয়ে গিয়ে জলবায়ু অর্থায়নকে একধরনের বাণিজ্যিক সুযোগে পরিণত করেছে। বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে ১ শতাংশের ১০ ভাগের ১ ভাগও অবদান রাখে না; কিন্তু ক্লাইমেট ভালনারেবিলিটি ইনডেক্স (Climate Vulnerability Index – CVI)অনুযায়ী জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ দেশগুলোর একটি।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, সিডর, আইলা, আম্পান বা রিমালের মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কবলে পড়ে কৃষি ও অর্থনীতি বারবার বিপর্যয়ের মুখে পড়ছে।
যে সংকট সৃষ্টিতে আমাদের কোনো দায় নেই, সেই সংকট মোকাবিলা করতে এবং দেশের জ্বালানি খাতকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানিতে (Clean Energy) রূপান্তর করতে সেই রূপান্তরের খরচ জোগাতেও বাংলাদেশকে নিতে হচ্ছে বৈদেশিক ঋণ।
আন্তর্জাতিক জলবায়ু চুক্তির মূলনীতি হলো ‘দূষণকারীই অর্থ দেবে’ (Polluter Pays Principle)। ঐতিহাসিক দায়বদ্ধতার জায়গা থেকে উন্নত ও শিল্পসমৃদ্ধ দেশগুলোর নৈতিক দায়িত্ব হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিঃশর্ত অনুদান ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সংকট সমাধানের নামে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ঋণের বোঝা। এর ফলে এক দিকে যেমন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের অর্থনীতি বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জালে আটকা পড়ছে।
তুরস্কের আন্তালিয়া শহরে চলছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১ (COP31)।
এবারের সম্মেলনে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রধান প্রতাশ্যা হওয়া উচিত ন্যায্য এবং কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা। আন্তর্জাতিক ফোরামগুলোতে আমাদের কূটনৈতিক দরকষাকষির মূল এজেন্ডা হওয়া দরকার কিছু সুনির্দিষ্ট ও কঠোর দাবিতে অনড় থাকা:
১. ঋণ নয়, নিঃশর্ত অনুদান চাই: জলবায়ু অর্থায়নের প্রধান উৎস হতে হবে বিনা শর্তের অনুদান । কোনোভাবেই যেন তা বাজারদরের বা চড়া সুদের ঋণে পর্যবসিত না হয়।
২. ক্ষতিপূরণ ও দায় স্বীকার: উন্নত দেশগুলোকে তাদের ঐতিহাসিক কার্বন নিঃসরণের দায় স্বীকার করে (Loss and Damage Fund) ক্ষতিপূরণ তহবিল থেকে দ্রুত ও পর্যাপ্ত অর্থ প্রদান করতে হবে।
৩. প্রযুক্তি হস্তান্তর: পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং সবুজ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে উন্নত বিশ্ব থেকে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।
জলবায়ু পরিবর্তন আজ কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি আমাদের কৃষি, জীববৈচিত্র্য, উপকূলীয় জনজীবন এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য এক সরাসরি হুমকি। বাংলাদেশ তার সীমিত সামর্থ্যের মধ্যেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একহাতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষত মুছতে মুছতে অন্যহাতে ঋণের কিস্তি শোধ করা কোনো টেকসই সমাধান হতে পারে না।
কফ ৩১-এ বিশ্বনেতারা যেন অনুদান আর ঋণের হিসাবের মারপ্যাঁচ বন্ধ করে জলবায়ু ন্যায্যতার পথে হাঁটেন—এটাই দেশের কোটি মানুষের দাবি। সংকট তৈরিতে যারা ভূমিকা রেখেছে, দায়ও তাদের কেই নিতে হবে। বাংলাদেশ আর করুণা চায় না, চায় ন্যায্য অধিকার ও সমতাভিত্তিক বৈশ্বিক পদক্ষেপ।
লেখক : সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

মন্তব্য করুন