

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে শ্যামনগর সচেতন নাগরিক সমাজ উত্থাপিত নৈতিক দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি জানিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল পাঁচটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান এই আপত্তি জানান।
তিনি বলেন, গাজী নজরুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকেও চিঠি দেওয়া হয়েছে।
এর আগে বুধবার একই স্থানে ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর ব্যানারে সংবাদ সম্মেলন করে গাজী নজরুল ইসলামের কারাবাসের কারণে শ্যামনগরের জনপ্রতিনিধিত্বের সংকটের কথা তুলে ধরা হয়। তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা ও উপনির্বাচনের দাবিও জানানো হয়। এ সময় জামায়াতের রাজনৈতিক নৈতিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াত নেতা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ বা তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ ও আসন শূন্য ঘোষণার বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত ব্যবস্থা নিতে জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে লিখিত পত্র পাঠানো হয়েছে। ফলে এ বিষয়ে দল কোনো উদ্যোগ নেয়নি- এমন অভিযোগ সঠিক নয়। সংসদ সদস্য পদ বহাল থাকা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ার।
গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাঁর দল আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় শ্রদ্ধাশীল। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতকে প্রভাবিত করা বা আদালতের এখতিয়ার খর্বের পক্ষে নয় জামায়াত।
সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলনে জামায়াত নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করছে- এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আবদুর রহমান বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সমস্যাগুলো জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।
সচেতন নাগরিক সমাজ ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার আছে এবং জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ বা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১১ নভেম্বরের সংবাদ সম্মেলনে জামায়াতকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন দলটি সংসদ সদস্য পদের বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে শ্যামনগরের মানুষের অধিকার আটকে রেখেছে। দলটির দাবি, তাদের সাংগঠনিক ব্যবস্থা এবং স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর বিষয়টি বিবেচনায় না নিয়ে এমন অভিযোগ তোলা বস্তুনিষ্ঠ নয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতা অধ্যাপক আবদুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আবদুল হামিদ, সাইদী হাসান ও ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন