
রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি: বাংলাদেশ গণিত সমিতির কার্যনির্বাহী পরিষদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের তিন শিক্ষক। তাঁদের মধ্যে একজন কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এবং অন্য দুজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি সমিতির বিভিন্ন সাংগঠনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তাঁরা।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বাংলাদেশ গণিত সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাঁকে সমিতির বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২৬-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. মোস্তাক আহমেদ কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সমিতির বুলেটিন এডিটোরিয়াল বোর্ডের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এ ছাড়া তিনি বুলেটিন এডিটোরিয়াল বোর্ড এবং ন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট পরিকল্পনা ও প্রত্যাশা সম্পর্কে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “বাংলাদেশ গণিত সমিতির আসন্ন বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ২০২৬ দেশের প্রবীণ ও নবীন গণিতবিদদের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে। এই আয়োজনের মাধ্যমে আমাদের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে এবং গণিত গবেষণার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।

মন্তব্য করুন