
শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রশ্ন এলে উপকূলের নদী বা সমুদ্রসংলগ্ন গ্রামীণ জনপদের কথা উঠে আসে। সেই জনপদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর একটি সাতক্ষীরার শ্যামনগর। এখানকার মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন। সেই ঝুঁকি, সুন্দরবনের অস্তিত্বের সংকট আর নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ছবি এঁকেছে এ এলাকারই স্কুলের শিক্ষার্থীরা।
১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলবাসীকে স্মরণ এবং ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবসের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।
সুন্দরবন কোয়ালিশনের ‘লোকালিটি লিড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দি বাংলাদেশ কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠান বাস্তবায়ন করে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)। শেয়ারট্রাস্টের (Sharetrust) অর্থায়নে এবং আভাসের (AVAS) সহযোগিতা ও কারিগরি সহায়তায় কার্যক্রমটি পরিচালিত হয়।
আয়োজকেরা জানান, উপকূলীয় অঞ্চল, বিশেষ করে শ্যামনগরের প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি, পরিবেশগত সংকট এবং সুন্দরবনের অস্তিত্বের হুমকি সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করাই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। একই সঙ্গে বাল্যবিবাহসহ নানা সামাজিক সমস্যার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা ছিল।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয় নির্ধারণ করা হয়- ‘দুর্যোগ-পরবর্তী দৃশ্য’, ‘সুন্দরবনের চিত্র’ এবং ‘ভবিষ্যতে কেমন পৃথিবী দেখতে চাই’। শিক্ষার্থীরা এর একটি বেছে নিয়ে নিজেদের কল্পনা ও সৃজনশীলতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক। তিনি বলেন, ‘আগামী দিনের উপকূলকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আরও সচেতন করে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং প্লাস্টিক বর্জন করতে হবে।’
অনুষ্ঠানটিতে অতিথি ছিলেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ মণ্ডল, শিক্ষক মো. নুরুন্নবী সিদ্দিক, নীলিমা রানী, তাপসী রানী মণ্ডল, মোহাম্মদ আলী হায়দারসহ অন্যান্য শিক্ষক। সামসের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার তাপস কুমার সরদার, প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মুন্ডা, সামাজিক কর্মী মোমিনুর রহমান ও মনিকা সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন