বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ নভেম্বর ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি: শীতকালীন অবকাশের পরিবর্তে রমজান মাসে ছুটি সমন্বয়ের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের কথা বিবেচনায় নিয়ে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা বলছেন, শীতের ছুটির সঙ্গে পারিবারিক ও সামাজিক নানা বিষয় জড়িয়ে থাকায় অন্য সময়ে এ ছুটি দেওয়া হলে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাতিল হওয়া ছুটি পরবর্তী সময়ে পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

সিদ্ধান্তটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীদের অনেকে।

তাঁদের মতে, শীতকালীন ছুটি শিক্ষার্থীদের কাছে নিছক একাডেমিক বিরতি নয়; বরং দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরার এবং স্বজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ। বিশেষ করে ঢাকার বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য এ ছুটির গুরুত্ব অনেক বেশি। অন্য মৌসুমে ছুটি স্থানান্তর করে সেই সুযোগ পূরণ করা সম্ভব নয়।

শিক্ষার্থীরা আরও জানান, শীতকালে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যক্তিগত টিউশনিও তুলনামূলক কম থাকে। ফলে এ সময় বাড়িতে ফেরার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়। এ ছাড়া শীতের পিঠা-পুলি, পারিবারিক আয়োজন ও গ্রামীণ উৎসবের সঙ্গে এ ছুটির একটি আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। রমজানে ছুটি পেলেও শীতকালীন অবকাশের সেই পরিবেশ ও আনন্দ পাওয়া যাবে না বলে মনে করছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বলেন, ‘শীতকালে সবার ছুটি থাকার কারণে টিউশনি থাকে না। তাই প্রায় সবাই গ্রামে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে এই ছুটি বাতিল করে? কোনো শিক্ষার্থী কিংবা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে হুট করে সিদ্ধান্ত নেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। আমি মাননীয় উপাচার্য স্যারকে বলব, সিদ্ধান্তটি আবার পুনর্বিবেচনা করুন। শীতের ছুটি গরমকালে দিয়ে আমরা কী করব?’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। অথচ এ ক্ষেত্রে প্রশাসন কারও সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ছুটি বাতিলের বিষয়টি যুক্ত করা কতটা যৌক্তিক, তা প্রশাসনের বিবেচনা করা প্রয়োজন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, অথচ আমাদেরও এ বিষয়ে কিছু জানানো হয়নি। আমি ফেসবুকেই সিদ্ধান্তের বিষয়টি জানতে পেরেছি। এর আগেও প্রশাসন এ ধরনের কাজ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব। তাদের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

১

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

২

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৩

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৪

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৫

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৬

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

৮

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

৯

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১০

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১১

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১২

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৩

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৪

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৫

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৬

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৭

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

১৮

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৯

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২০