
ডেস্ক রিপোর্ট: অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্মের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একাধারে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবোধে উদ্বুদ্ধ এক মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদার উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। শিক্ষা বিভাগে কর্মরত থাকাকালীন পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার পরিবর্তে রোল নম্বর প্রথার প্রবর্তনসহ অসংখ্য যুগান্তকারী সংস্কার তাঁরই হাত ধরে এসেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।
খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।
প্রবন্ধকার তার প্রবন্ধে উল্লেখ করেন, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তাঁর বহুমুখী বুদ্ধিদ্বীপ্ত কৃতি ও কর্মের সুফল অবিভক্ত বঙ্গবাসী শতাব্দীকালধরে ভোগ করে এসেছে- যার ধারাবাহিকতা আজও আধুনিক সমাজ ও শিক্ষাব্যবস্থায় ব্যাপকভাবে দৃশ্যমান। আজ আমরা যে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার ব্যবস্থার কথা বলি-বঙ্গীয় মুসলমান সমাজে এসব প্রত্যয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।
মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান আজ দেশ-বিদেশের নানা বিশ্ববিদ্যালয় এবং বিদগ্ধ সুধীসমাজে গভীরভাবে চর্চিত ও স্বীকৃত। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, যার জন্ম ও কর্ম-সাধনার পুণ্যস্মৃতিতে ধন্য সাতক্ষীরার মাটি, সেই সাতক্ষীরার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান অনেকটাই অজানা ও অনালোচিত। আধ্যাত্মিক আবরণে তাঁকে দেখতে অভ্যস্থ বলে হয়তো তাঁর সামাজিক অবদান সম্পর্কে আমরা যথার্থ অবহিত নয়।
সেমিনারে বক্তারা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের স্বীকৃতি হিসেবে সাতক্ষীরায় তার নামে স্থাপনা বা প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান।

মন্তব্য করুন