
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পরও প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ আহ্বান জানান।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি) আয়োজিত সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল “From Shared Vulnerability to Resilience in BBN: Advancing Adaptation and Finance Priorities at COP31″।
এতে বাংলাদেশ, ভুটান ও নেপালের প্রতিনিধিসহ জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থানের ভিন্নতা থাকলেও বাংলাদেশ, ভুটান ও নেপাল একটি অভিন্ন জলবায়ুব্যবস্থার সঙ্গে যুক্ত। হিমালয়ের হিমবাহ গলে যাওয়া, মৌসুমি বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানিপ্রবাহ, চরম আবহাওয়াজনিত দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার বিস্তার-এসব কারণে দেশ তিনটি নানা ধরনের জলবায়ু ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় বিচ্ছিন্ন দেশভিত্তিক উদ্যোগের পরিবর্তে সমন্বিত আঞ্চলিক সহযোগিতা এবং জলবায়ু ঝুঁকি ও প্রয়োজনের ভিত্তিতে অভিযোজন কার্যক্রম গ্রহণ জরুরি।
সংবাদ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ মানেই জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ নয়। অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ, ভুটান ও নেপালের জলবায়ু ঝুঁকি এবং অভিযোজনের প্রয়োজন বহাল রয়েছে। তাই উন্নয়নশ্রেণির পরিবর্তনকে জলবায়ু অর্থায়ন বন্ধ বা সীমিত করার ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়। এলডিসি উত্তরণের পরও দেশগুলোর প্রকৃত জলবায়ু ঝুঁকি ও প্রয়োজন বিবেচনায় আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার সুযোগ অব্যাহত রাখতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির প্রোগ্রাম ম্যানেজার-রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি শেখ নুর আতায়া রাব্বি। তিনি কপ৩১-এ বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য সমন্বিত অভিযোজন ও জলবায়ু অর্থায়নবিষয়ক অবস্থান তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, দেশগুলোর নিজস্ব জলবায়ু ঝুঁকি ও প্রয়োজনের পাশাপাশি অভিন্ন ঝুঁকিগুলোও আন্তর্জাতিক আলোচনায় যথাযথভাবে তুলে ধরতে হবে। এ জন্য সরকার ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়ানো এবং জলবায়ু ঝুঁকি ও অভিযোজনের প্রকৃত চাহিদার ভিত্তিতে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াজনিত দুর্যোগ দিন দিন আরও ঘন ঘন, তীব্র, দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত হয়ে উঠছে। এসব দুর্যোগের প্রভাব অনেক সময় দেশের সীমানা ছাড়িয়ে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা (জিবিএম) অববাহিকাভুক্ত দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা অনেক এলাকা ও জনগোষ্ঠী এখনো যথাযথ মনোযোগ ও সহায়তা পাচ্ছে না। এসব এলাকার ঝুঁকি চিহ্নিত করা, প্রয়োজন নিরূপণ, দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ বরাদ্দের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে আন্তঃদেশীয় নাগরিক সমাজ সংগঠনগুলোর (সিএসও) যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের সম্মিলিত প্রচেষ্টা জলবায়ু আলোচনা, নীতি ও পরিকল্পনায় প্রভাব রাখতে এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহে সহায়তা করবে। একই সঙ্গে আন্তঃসীমান্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা, সমন্বিত আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু করা এবং এসব ব্যবস্থার তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও ব্যবহারযোগ্য করা প্রয়োজন। তিনি আরও বলেন, শুধু আগাম সতর্কবার্তার আওতা বাড়ালেই হবে না, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেন সময়মতো এসব তথ্য পায় এবং কাজে লাগাতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দ্রুত এবং পর্যাপ্ত পরিসরে নিশ্চিত করা জরুরি।
ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক এবং এলডিসি সাপোর্ট টিমের প্রধান মঞ্জিত ধাকাল বলেন, হিমালয় পর্বতমালা, অভিন্ন পানিসম্পদ এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) অববাহিকার কারণে বাংলাদেশ, ভুটান ও নেপাল একটি অভিন্ন পাহাড়-বদ্বীপ জলবায়ু অঞ্চলের অংশ। দেশ তিনটির জলবায়ু ঝুঁকির ধরন ভিন্ন হলেও সেগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই শুধু পৃথক দেশভিত্তিক উদ্যোগের মাধ্যমে এসব ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বিবিএন অঞ্চলকে একটি সমন্বিত আঞ্চলিক অভিযোজন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ ক্ষেত্রে দেশগুলোর নিজস্ব ঝুঁকি, বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে অভিযোজন পরিকল্পনা এবং অর্থায়ন নিশ্চিত করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হক বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি দেশের উন্নয়নের অগ্রগতি নির্দেশ করে, জলবায়ু ঝুঁকির অবসান নয়। তাই ইউএনএফসিসিসি প্রক্রিয়ায় অভিযোজনের অগ্রাধিকার ও জলবায়ু অর্থায়নের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করতে হবে। ভবিষ্যতের জলবায়ু ঝুঁকি ও দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় অনুদানভিত্তিক অর্থায়ন অব্যাহত রাখা জরুরি। এলডিসি উত্তরণের পরও অর্থায়ন পাওয়ার সুযোগ বজায় রাখতে হবে এবং জাতীয়ভাবে চিহ্নিত ও ব্যয় নিরূপিত অভিযোজন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিবিএন দেশগুলোর সরকার ও নাগরিক সমাজের মধ্যে সমন্বিত উদ্যোগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার (ক্যানসা) প্রোগ্রাম ম্যানেজার রুচি চৌধুরী বলেন, তীব্র জলবায়ু ঝুঁকি সম্পদের মধ্যেও বাংলাদেশ, ভুটান ও নেপাল জলবায়ু মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশ তিনটি নাগরিক সমাজকে সমন্বিতভাবে জলবায়ু অভিযোজনের কর্মসূচি এগিয়ে নিতে হবে। কপ২৮, কপ২৯ ও কপ৩০-৬ অ্যালায়েন্সের ধারাবাহিক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি আন্তঃসীমান্ত জলবায়ু ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, এসব উদ্যোগকে জাতীয়ভাবে নির্ধারিত অবদানপত্র (এনডিসি) এবং দীর্ঘমেয়াদি নিম্ন-নিঃসরণ উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এর মাধ্যমে দেশগুলো ন্যায্য আন্তর্জাতিক সহায়তা পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে পারবে।
সংবাদ সম্মেলনে কপ৩১ ও পরবর্তী সময়ে বিবিএন দেশগুলোর জন্য তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- বৈশ্বিক জলবায়ু আলোচনায় অভিযোজনকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে জলবায়ু ঝুঁকি, ন্যায্যতা ও মানবাধিকারের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ, ভুটান ও নেপালের স্বতন্ত্র এবং অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক উদ্যোগ জোরদার করতে হবে।
এলডিসি উত্তরণ নির্বিশেষে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে দেশগুলোর বর্তমান ও ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি, জাতীয় অভিযোজন চাহিদা এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে অভিন্ন আঞ্চলিক অবস্থান তৈরি এবং যৌথ উদ্যোগ জোরদার করতে হবে। পাশাপাশি আন্তঃসীমান্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন, স্বচ্ছ অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি দেশের উন্নয়নশ্রেণির পরিবর্তনের চেয়ে তার প্রকৃত ও ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি এবং অভিযোজনের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন ও সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, ভুটান ও নেপালের সরকার, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়নের অগ্রগতি যেন জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

মন্তব্য করুন