
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলের হেরেছে ব্রাজিল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার মাঠের বাইরের এক ঘটনা নিয়ে আলোচনায় ব্রাজিল। সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবং ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী ভার্জিনিয়া ফনসেকা।
সাংবাদিক ফাবিয়া অলিভেইরার দাবি, সান্তোসের তারকা নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন ভার্জিনিয়া ফনসেকা। সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। খবর টিওয়াইসি স্পোর্টসের।
মেট্রোপোলেস ওয়েবসাইটের এই কলামিস্টের দাবি অনুযায়ী, গত ৬ নভেম্বর একটি ব্যক্তিগত পার্টিতে ঘটনাটি ঘটে। ফর্মুলা ওয়ান সাও পাওলো গ্রাঁ প্রি শুরুর কয়েক দিন আগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবেশাধিকার ছিল সীমিত। এমনকি সেখানে মুঠোফোন ব্যবহারেরও অনুমতি ছিল না বলে দাবি করা হয়েছে। ফলে ঘটনাটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে নেইমারের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটান ভার্জিনিয়া। দাবি অনুযায়ী, একপর্যায়ে আর্মচেয়ারে বসে থাকা নেইমারের কোলে উঠে নাচতেও দেখা যায় তাকে। অন্যদিকে নেইমারও মাইক্রোফোন হাতে নিয়ে ভার্জিনিয়ার বন্ধুদের দেয়া ডাকনাম ‘ভাইপার’ বলে তাকে সম্বোধন করেন বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে দুজনই প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন বলেও দাবি করা হয়েছে। তবে এসব খবর প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি অস্বীকার করেছে দুই পক্ষই।
প্রথমে ভার্জিনিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। উল্লেখ্য, এর কয়েক দিন আগেই তার তিন সন্তানের বাবা ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে আবারও সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন ভার্জিনিয়া।
বিবৃতিতে বলা হয়, ‘প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা। ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন জল্পনা-কল্পনার বিষয়ে ভার্জিনিয়াকে এবারই প্রথম অস্বীকার করতে হচ্ছে, এমন নয়। তিনি এসব গুজব প্রত্যাখ্যান করছেন। সত্যের প্রতি যথাযথ দায়বদ্ধতা এবং তথ্য প্রচারের পরিণতি বিবেচনা না করে এ ধরনের জল্পনাকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নেইমারও। বারবার ব্যক্তিগত জীবন নিয়ে এমন গুঞ্জন ছড়ানোয় বিরক্তি প্রকাশ করে ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, ‘অন্য একজনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ানো শুরু হয়েছে। আমি বিষয়টি অস্বীকার করছি! এমন সময়ে বাস করা সত্যিই দুঃখজনক, যখন মানুষ সত্যের চেয়ে পরিচিত নাম ও খ্যাতি ঘিরে তৈরি হওয়া আলোচনায় বেশি আগ্রহী। আমার দল ইতিমধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির ইতি টানতে নিজেই কথা বলা প্রয়োজন মনে করেছি।’

মন্তব্য করুন