
ডেস্ক রিপোর্ট: ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে ২০৩১ সালে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটির সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের এই বৈশ্বিক আয়োজন।
২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের বড় টুর্নামেন্টগুলোর ভবিষ্যৎ সূচিও প্রকাশ করেছে আইসিসি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে এই টুর্নামেন্ট।
এরপর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। একই সঙ্গে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের ভেন্যু হিসেবে থাকছে ইংল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা মনে করেন, দীর্ঘমেয়াদি এই সূচি প্রকাশের ফলে সদস্য দেশ ও ক্রিকেটাররা আগেভাগেই নিজেদের পরিকল্পনা সাজানোর সুযোগ পাবেন। পাশাপাশি খেলোয়াড়দের বিকাশ, মানসম্মত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন এবং ভবিষ্যতের ব্যস্ত সূচি আরও সুশৃঙ্খলভাবে পরিচালনায় এটি সহায়ক হবে।

মন্তব্য করুন