
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়ের অভিযোগে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) তাদের সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। এদের মধ্যে সোহেল আহম্মেদ যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ বাগেরহাটের বারুইপাড়া ক্যাম্পে কর্মরত ছিলেন।
আর মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ ময়নুলের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারের পাশে তাঁর বাই সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেন। পরবর্তীতে আরও ৫লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলে কাশেম সরদারের স্ত্রী ঘটনাটি তালা থানা পুলিশকে জানান। তালা থানা পুলিশ অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাত তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত পূর্বক খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন