
কালিগঞ্জ প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ডেইরি, মৎস্য ও পোলট্রি খামারিদের অংশগ্রহণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জের যমুনারচর শিক্ষক সমিতির কার্যালয়ে ‘নিরাপদ খাদ্য ও টেকসই খামার ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়াটার টেস্ট টেকনোলজিস (ডব্লিউটিটি)-এর উদ্যোগে এবং পজিটিভ বায়োটেক লিমিটেডের সৌজন্যে এই সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫০ জনের বেশি ডেইরি, মৎস্য ও পোলট্রি খামারি অংশগ্রহণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শংকর কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াটার টেস্ট টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. নুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ও ওয়াটার টেস্ট টেকনোলজিসের চিফ কনসালটেন্ট (অ্যাকুয়া) ড. এ এইচ এম কোহিনুর, প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও পজিটিভ বায়োটেক লিমিটেডের চিফ কনসালটেন্ট (লাইভস্টক) ড. সৈয়দ আলী আহসান, এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ।
সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। খামারকে লাভজনক ও ঝুঁকিমুক্ত রাখতে প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার প্রাণী ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রাণিচিকিৎসকের পরামর্শ অনুযায়ী যৌক্তিক ও দায়িত্বশীলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপযুক্ত ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে প্রোবায়োটিকের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে মৎস্য খামারের পানির গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, পানির পিএইচ, দ্রবীভূত অক্সিজেন ও অ্যামোনিয়ার মাত্রা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। পানির এসব গুরুত্বপূর্ণ উপাদান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে মাছের স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, একটি আধুনিক, লাভজনক ও টেকসই খামার গড়ে তুলতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না; উৎপাদিত দুধ, মাছ, মাংস ও ডিমের নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য খামারিদের বিজ্ঞানভিত্তিক পরামর্শ গ্রহণ, আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং সচেতন ব্যবস্থাপনার প্রতি আরও যত্নবান হতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াটার টেস্ট টেকনোলজিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেডকোয়ার্টার) মো. সিফাত শাহরিয়ার সৌরভ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াটার টেস্ট টেকনোলজিসের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (আরএসডি-১) চপল কুমার সাহা এবং টেরিটরি সেলস ম্যানেজার (খুলনা অঞ্চল) মো. জাহিদুল হক মাসুদ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ওয়াটার টেস্ট টেকনোলজিসের জরিপ কর্মকর্তা মো. জাকির হোসেন ও শেখ ইমরানুল ইসলাম।

মন্তব্য করুন