
ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস. এম. ছায়েদুর রহমান বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব পালনের বিকল্প নেই।
শিক্ষাব্যবস্থাকে কেবল সংখ্যাগত প্রসারের গণ্ডি থেকে বের করে প্রকৃত উৎকর্ষের দিকে নিয়ে যাওয়ার সময় এটি। একটি জাতির ভিত্তি মূলত তার শিক্ষাব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত, যার মূল চালিকাশক্তি হলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। এই তিন পক্ষের নিবিড় মেলবন্ধন ছাড়া শিক্ষার মানোন্নয়ন অসম্ভব।
শিক্ষকদের ভূমিকা কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পথপ্রদর্শকের দায়িত্ব পালন করতে হবে। মুখস্থ বিদ্যার নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সমস্যা সমাধান দক্ষতা এবং অনুসন্ধিৎসু মন তৈরি করা জরুরি। শিক্ষকদের নিজেদেরও আজীবন শিক্ষার্থী হিসেবে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে আপডেট রাখতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস মিলনায়তনে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জন বা জিপিএ অর্জনের মাধ্যম নয়; বরং এটি মানুষের মতো মানুষ হওয়া, নৈতিকতা অর্জন এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার প্রক্রিয়া। বিজ্ঞান, প্রযুক্তি, মানবিকতা ও সততার আলোয় নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি প্রতিটি বিষয়ের অন্তর্নিহিত কারণ খোঁজার মানসিকতা গড়ে তুলতে হবে।
অভিভাবকদের ভূমিকা প্রসঙ্গে উল্লেখ করে এস. এম. ছায়েদুর রহমান বলেন, শিক্ষা মূলত গৃহের পরিবেশ থেকেই শুরু হয়। কেবল ভালো ফলাফলের জন্য সন্তানদের ওপর মানসিক চাপ তৈরি না করে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। কৌতূহল দমিয়ে না রেখে তাদের উৎসাহিত করা এবং শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।
আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, মেধা, জ্ঞান, প্রযুক্তি এবং মানবিক মূল্যে বলিয়ান একটি সমাজ গঠনে তরুণ প্রজন্ম চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও গবেষণায় নেতৃত্ব দেবে। দুর্নীতিমুক্ত, মুক্তবুদ্ধি চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষাঙ্গন এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশকে একটি আত্মনির্ভরশীল অর্থনীতির ওপর দাঁড় করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গতানুগতিক মুখস্থ বিদ্যার বেড়াজাল ভেঙে একটি মানসম্মত, আধুনিক ও জীবনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ, উন্নত ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষক নেতা মোঃ এমাদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, আব্দুল জব্বার, মোঃ শাহজাহান আলী, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস. এম. ছায়েদুর রহমান সাতক্ষীরায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষকরা।

মন্তব্য করুন