
ডেস্ক রিপোর্ট: ছেলের বিদায়টা যেভাবে হয়েছে, তা মেনে নিতে পারছেন না মা দোলোরেস আভেইরো। পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিয়ানো রোনালদোর বিদায়ের পর এবার দেশটির বড় হারে আনন্দ প্রকাশ করেছেন তিনি। শুধু তা-ই নয়, রোনালদোর সাবেক সতীর্থদের বিরুদ্ধেও তুলেছেন অসম্মানের অভিযোগ। তার দাবি, জাতীয় দলে রোনালদো যথেষ্ট ভালোবাসা ও সম্মান পাননি।
সম্প্রতি উয়েফা নেশনস লিগে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে পর্তুগাল। রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এটিই ছিল দলটির প্রথম ম্যাচ। পর্তুগালের এই হার নিয়ে দেশটির সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দোলোরেস জানান, এই হার প্রাপ্য ছিল। এমন ফলাফলে তিনি খুশিও হয়েছেন।
রোনালদর মা বলেন, ‘তারা আমার ছেলের সঙ্গে প্রতারণা করেছে, এতে আমি কষ্ট পেয়েছি। এখনো সেই কষ্ট রয়ে গেছে। ডেনমার্কের বিপক্ষে এটি ছিল একটি হার, আর সেই হার তাদের প্রাপ্যই ছিল। আমি খুশি হয়েছি।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তার মা। গত ৫ নভেম্বর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে তার এই সিদ্ধান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দোলোরেসের অভিযোগ, পর্তুগাল জাতীয় দলের সতীর্থরা রোনালদোকে প্রাপ্য সম্মান ও ভালোবাসা দেখাননি। তিনি বলেন, ‘না, জাতীয় দলের সতীর্থরা তাকে ভালোবাসা বা সম্মান দেখাননি।’
ডেনমার্কের বিপক্ষে ম্যাচে অবশ্য রোনালদোকে স্মরণ করেছে পর্তুগাল। তার বিখ্যাত সাত নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা জানায় দলের খেলোয়াড়েরা। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারিতে দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্মান জানান। এ সময় রোনালদোর পরিচিত উদ্যাপনও অনুসরণ করেন সমর্থকেরা। স্টেডিয়ামে সাবেক অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বার্তাও প্রদর্শন করা হয়।
তবে এই আয়োজন নিয়েও সন্তুষ্ট নন দোলোরেস। তার মতে, রোনালদো উপস্থিত না থাকায় শ্রদ্ধা জানানোর আয়োজনটি যথাযথ হয়নি। তিনি বলেন, ‘শ্রদ্ধা জানানোর আয়োজনটি তার সামনেই করা উচিত ছিল, তার অনুপস্থিতিতে নয়।’
তবে রোনালদোর জন্য আরেকটি সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তার মা। পর্তুগিজ ক্লাব স্পোর্তিং সিপিতে এই আয়োজন হবে। পেশাদার ফুটবলে এই ক্লাবের হয়েই যাত্রা শুরু করেছিলেন রোনালদো।

মন্তব্য করুন