
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটে পেসার হান্টের ইতিহাস বেশ সমৃদ্ধ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান পেসার খুঁজে এনে জাতীয় দলের দরজা খুলে দেওয়ার সেই উদ্যোগ আবারও ফিরছে নতুন নামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি অ্যাজিয়াটা পিএলসির যৌথ আয়োজনে শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এর উদ্বোধন।
বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ শাতারা। বিসিবি ও রবি অ্যাজিয়াটা পিএলসির অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন।
২০০৭ সালে বিসিবি ও গ্রামীণফোনের উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হয় পেসার অন্বেষণ কর্মসূচি। সেই উদ্যোগের অন্যতম বড় আবিষ্কার ছিলেন বাগেরহাটের রুবেল হোসেন।
টেপ টেনিস বলে ক্রিকেট খেলা থেকে উঠে আসা এই পেসার প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে নজর কাড়েন। পরে জাতীয় দলে জায়গা করে নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
একসময় বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিং নিয়ে ছিল আক্ষেপ। এখন সেই জায়গায় এসেছে পরিবর্তন। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবদের নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে।
এই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন প্রজন্মের পেসার খুঁজে বের করা জরুরি। সেই লক্ষ্যেই দেশব্যাপী তরুণ বোলারদের প্রতিভা যাচাই ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে।
রবি বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণ বোলারদের সামনে আসার সুযোগ তৈরি হবে। নিজেদের বোলিং প্রতিভা প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও পরিচর্যা পাবেন তারা।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভাবান পেসার উঠে আসবে। রুবেলদের পথ ধরে এবারও দেশের আনাচকানাচ থেকে খুঁজে বের করা হবে সম্ভাবনাময় বোলারদের।
মন্তব্য করুন