আন্তর্জাতিক ডেস্ক: অবরোধ, চাপ ও হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছে ইরান। অন্যদিকে শান্তি আলোচনা করতে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানিয়েছেন, চাপ, হুমকি বা অবরোধের মধ্যে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে প্রধান ইস্যু আস্থার অভাব।
হরমুজ প্রণালী অবরোধ, চাপ এবং ওমান সাগরে মার্কিন মিলিটারির উপস্থিতিকে আলোচনার জন্য বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির জন্য ইরান সন্তোষজনক কোনো প্রস্তাব দেয়নি অভিযোগ এনে আলোচনার জন্য তার দূতদের পাকিস্তান সফর বাতিল করেছেন।
ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেন, মাত্রই আমার প্রতিনিধিদের পাকিস্তান সফরের পরিকল্পনাটি বাতিল করেছি, যারা ইরানিদের সঙ্গে দেখা করতে ইসলামাবাদ যাচ্ছিলেন।
তিনি বলেন, যাতায়াতে প্রচুর সময় নষ্ট হচ্ছে, কাজের চাপও অনেক! তাছাড়া ইরানের নেতৃত্বের মধ্যে প্রচণ্ড অভ্যন্তরীণ কোন্দল ও বিভ্রান্তি রয়েছে।
সেখানে আসলে কে দায়িত্বে আছেন তা কেউ জানে না, এমনকি তারা নিজেরাও জানে না।
ট্রাম্প বলেন, সবচেয়ে বড় কথা হলো, সব তাস এখন আমাদের হাতে, তাদের কাছে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তবে তাদের শুধু একটি ফোন করলেই হবে!!!
ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে ইসলামাবাদ ত্যাগ করে। সফরকালে দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন