
শ্যামনগর প্রতিনিধি: ১৭ বছর পেরিয়ে গেছে। ২০০৯ সালের সেই বিভীষিকাময় ২৫ মে আজও ভুলতে পারেনি সাতক্ষীরা উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল মুহূর্তেই পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। লোনা পানির জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, ফসলি জমি ও মানুষের স্বপ্ন। সময় পেরিয়েছে, কিন্তু দুর্যোগের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে।
১৭ বছর আগের সেই দিনের ঝড়ে সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যায়। ওই সময় সুন্দরবনঘেঁষা দ্বীপ ইউনিয়নটিতে নারী-শিশুসহ ৩৯ জনের প্রাণহানি ঘটে বলে জানা যায়। শুধু শ্যামনগরেই গৃহহীন হন ২ লাখ ৪৩ হাজার ২৯৩ জন। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের তলিয়ে যায়। রাতারাতি নিঃস্ব হয়ে পড়েন হাজারো মানুষ। ঘূর্ণিঝড়ের ১৭ বছর পার হলেও আজও পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে পারেননি বাসিন্দারা।
সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এই জনপদে। গত ২০২৪ সালের ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল আবারও তছনছ করে দেয় উপকূলের বহু এলাকা। তার আগে ২০২০ সালের ২০ মে মাসে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট সাতটি বড় ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটির আঘাত এসেছে মে মাসেই, যা উপকূলীয় মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
প্রতিবার দুর্যোগ এলেই সবচেয়ে বেশি শঙ্কায় পড়েন সাতক্ষীরার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিশেষ করে দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এখন তাদের বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় সংস্কার কাজ চললেও এখনো অনেক স্থান রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়।
ঘূর্ণিঝড় আইলার কারণে ঘরবাড়ি হারিয়ে অনেকে এখনো বেড়িবাঁধের কোলঘেঁষে সরকারি জায়গায় বসবাস করছেন। খাবার পানি ও কর্মসংস্থানের সংকটে অনেকে এলাকা ছেড়ে শহরে পাড়ি দিয়েছেন। কৃষক বা চিংড়ির ঘেরের মালিকদের অনেকে পেশা পরিবর্তন করেছেন। মাঝে পরিস্থিতির উন্নতি হলেও নিত্যনতুন দুর্যোগে তাঁরা মাথা তুলে দাঁড়াতে পারছেন না।
আইলার পর সাতক্ষীরা উপকূলে স্থায়ীভাবে ভূমিহীন মানুষের সংখ্যা বেড়েছে জ্যামিতিক হারে। বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের তথ্য, শুধু গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নেরই ভিটেমাটি হারিয়ে সম্পূর্ণ বা আংশিক ভূমিহীন হয়েছেন ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষ। পরিসংখ্যানের হিসাবে ১৫ থেকে ২০ হাজার পরিবার।
গাবুরার স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের জরিপ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাষ্যমতে, শুধু গাবুরার পাঁচ শতাধিক পরিবার বসবাস করছে নদীর চরে সরকারি জায়গায়।
এ ধরনের ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র তুলে ধরে উপজেলার গাবুরা ইউনিয়নের পল্লী চিকিৎসক আশরাফুল আলম জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলায় বেড়িবাঁধ ভেঙে এলাকাটি প্লাবিত হয় এবং তার ওষুধের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এছাড়া তার প্রতিবেশী লালচাঁদ মিয়ার স্ত্রী সূর্য বিবি পানিতে ডুবে মারা যান এবং তার বসতঘর ভেঙে যায়।
এই এলাকার কামাল শেখ জানান, ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে সৃষ্টি হওয়া জলোচ্ছ্বাসে তার ছাগল ভেসে মারা যায়। এছাড়াও ৯ নম্বর সোরা এলাকায় বাঁধ ভেঙে আব্দুল খালেকের চার বছর বয়সী ছেলে ওবায়দুল্লাহ পানিতে ভেসে মারা যায়। একই ঘটনায় আব্দুল গফুরের ৩ বছরের ছেলে আশরাফুল ও এক বছরের কন্যা ফাতেমা মারা যায়।
গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের আতিয়ার মোড়ল (৫৬) আইলার পর পরিবার-পরিজন নিয়ে প্রথমে উপকূল রক্ষা বাঁধের ওপর পরে বাঁধ সংস্কারের কারণে বাঁধের পাশে পাউবোর জায়গায় বসবাস করছেন। তিনি বলেন, ‘আইলার পর সতেরোডা বছর পার হুয়েছে, আজও আমরা ঘুরে দাঁড়াতি পারিনি। ভাত-পানির তে শুরু করে কাজ-কর্ম, সবখানে অভাব। সর্বনাশা আইলা আমাগা পথে বসিয়ে দে গেছে।’
একই ইউনিয়নের গাঙড়ামারী গ্রামের ষাটোর্ধ্ব কাঞ্চন বিবির আইলার আগে ঘরবাড়ি ও গরু-ছাগল সবই ছিল। প্রলয়ংকরী আইলার তাণ্ডবের পর থেকে তিনি নিঃস্ব। বিধবা কাঞ্চন বিবি এলাকায় কাজ না পেয়ে এখন ভিক্ষা করে পেট চালান। সুন্দরবনে প্রবেশে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দেওয়ায় কাজের সন্ধানে একমাত্র ছেলেটাও এলাকা ছেড়ে চলে গেছেন।
শুধু আতিয়ার মোড়ল বা কাঞ্চন বিবি নন, আইলার তাণ্ডবের জের বয়ে বেড়াচ্ছে শ্যামনগরের উপকূলের হাজারো পরিবারে। যদিও এরপর আম্পান, বুলবুলের মতো কয়েকটি বড় দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে তাঁদের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আইলার আগে উপকূলের খাবার পানির প্রধান উৎস ছিল পুকুর। কিন্তু আইলার পর একে একে ১৭ বছর পার হলেও আজও পুকুরের পানি খাওয়ার উপযোগী হয়নি। ওই ঝড়ের পর এলাকার গাছগাছালি শূন্য হয়ে মরুভূমিতে পরিণত হয়েছে।
এই জনপদে জীবিকার ছবিটাও কঠিন। অনেকেই নদী বা সাগরে মাছ ধরতে যান। কেউ সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করেন, কেউ গোলপাতা কাটেন। কিন্তু তাতেও অনিশ্চয়তা কাটে না। এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি এখানে। বছরের পর বছর মানুষ টিকে থাকার লড়াই করে যাচ্ছেন এখানকার বাসিন্দাদের।
গাবুরা ইউপির চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম বলেন, আইলার সেই ভয়াল ক্ষত আজও গাবুরাবাসী ভুলতে পারেনি। ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় পুরো ইউনিয়ন যেন মৃত্যুপল্লীতে পরিণত হয়েছিল। জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, তলিয়ে গিয়েছিল রাস্তাঘাট, হারিয়ে গিয়েছিল অসংখ্য মানুষের স্বপ্ন ও স্বজন। বহু নারী, পুরুষ ও শিশুর প্রাণহানির সেই বেদনা আজও মানুষ বয়ে বেড়াচ্ছে।
তিনি বলেন, প্রায় ৮০ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার অনেক অংশ এখনও পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। প্রায় এক হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। আইলার পর থেকে কর্মসংস্থানের সংকট আরও প্রকট হয়েছে। অনেক মানুষ বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন জীবিকার সন্ধানে।
চেয়ারম্যান আরও বলেন, গাবুরার মানুষ এখনও নিরাপদ নয়। নদীতে জোয়ারের পানি একটু বাড়লেই বেঁড়িবাঁধ ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয়। রাত জেগে মানুষ বাঁধ পাহারা দেয়। প্রতিটি বর্ষা আর প্রতিটি দুর্যোগের খবর এখনো এখানকার মানুষের মনে নতুন করে ভয় তৈরি করে। এত বছর পরও গাবুরার মানুষ পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, দ্বীপ ইউনিয়ন গাবুরাকে মডেল ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন প্রযুক্তিতে বাঁধ তৈরির জন্য প্রায় ১ হাজার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজ চলছে। এছাড়াও বাঁধের পাশে সরকারি ও বেসরকারিভাবে বনায়ন সৃষ্টির কাজ চলছে।
মন্তব্য করুন