
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ (৩৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে ধানক্ষেতে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
মাওলানা রহমাতুল্লাহ প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার একমাত্র ছেলে।
পরিবারের বরাতে স্থানীয় প্রতাপনগরের ইউনিয়নের পরিষদ সদস্য আছিয়া খাতুন জানান, শনিবার বিকেলে নিজ বাড়িতে মোটরের মাধ্যমে ধানক্ষেতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, দুই স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান, প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ এর মৃত্যুর ঘটনায় পুলিশ তাৎক্ষণিক সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন