ডেস্ক রিপোর্ট: গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ওয়েসলি চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন, যা কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। তবে শেষ মুহূর্তে স্কোয়াডে এদেরসনকে অন্তর্ভুক্ত করে বিকল্প ব্যবস্থা নিয়েছে ব্রাজিল।
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তরুণ রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।
মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেই ইনজুরিতে পড়েন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে।
এর ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ওয়েসলির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে জানানো হয়েছে, স্কোয়াডে তার পরিবর্তে জায়গা পাচ্ছেন এদেরসন।
২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালির ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। তাকে নিয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। সর্বশেষ ২০২৫ সালের মার্চে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
ওয়েসলির চোটে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াডে এই পরিবর্তন ব্রাজিলের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল।
মন্তব্য করুন