বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লালসালু’র মজিদ এবং আমাদের চিরন্তন অন্ধত্ব || ‎তারিক ইসলাম

‎সৈয়দ ওয়ালীউল্লাহ যখন ১৯৪৮ সালে তাঁর কালজয়ী উপন্যাস লালসালু লিখেছিলেন, তখন তিনি আসলে শুধু মহব্বতপুর গ্রামের এক মজিদকে আঁকেননি; তিনি এঁকেছিলেন বাঙালি মুসলিম সমাজের এক চিরন্তন ও অশুভ মনস্তত্ত্বের অবয়ব।

আজ পৌনে এক শতাব্দী পরেও যখন আমরা চারপাশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার দিকে তাকাই, তখন মজিদ চরিত্রটি মোটেও অতীত বা কাল্পনিক কোনো চরিত্র মনে হয় না। বরং মনে হয়, লালসালুর মজিদ আজ বহুমাত্রিক রূপ ধারণ করে আমাদের চেনা চত্বরেই দাপিয়ে বেড়াচ্ছে ও আমাদের সমাজকে প্রতিনিয়ত গ্রাস করছে।

‎উপন্যাসের শুরুতে মজিদ যখন শস্যহীন ‘গারো পাহাড়’ অঞ্চল থেকে ক্ষিধের তাড়নায় মহব্বতপুর গ্রামে প্রবেশ করে, তখন তার একমাত্র পুঁজি ছিল মানুষের ধর্মভীরুতা ও অবদমিত ভয়। গ্রামের এক অজ্ঞাত, জরাজীর্ণ কবরকে ‘মোদাচ্ছের পীরের মাজার’ বলে ঘোষণা দিয়ে সে রাতারাতি নিজের ভাগ্য বদলে ফেলে। লাল কাপড়ে ঢাকা সেই মাজার হয়ে ওঠে তার ক্ষমতার কেন্দ্রবিন্দু । মজিদের এই চাতুর্য কেবল তার একার অস্তিত্ব রক্ষার লড়াই ছিল না, এটি ছিল ধর্মের নামে সাধারণ মানুষের মনস্তত্ত্ব ও সম্পদ কুক্ষিগত করার এক চরম রাজনীতি।

‎আজকের বাংলাদেশের দিকে তাকালে কি আমরা মজিদের উত্তরসূরিদের দেখতে পাই না? প্রযুক্তির আধুনিকায়ন আর শিক্ষার হার বাড়লেও আমাদের সমাজ থেকে হুজুগ, কুসংস্কার আর ধর্মান্ধতা বিদায় নেয়নি। বরং মজিদের সেই আদিম চাতুর্য আজ ডিজিটাল রূপ ধারণ করেছে। ওয়াজ মাহফিলের নামে একশ্রেণীর বক্তার উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ধর্মের ভুল ও চটকদার ব্যাখ্যা দিয়ে মানুষের সরলতাকে পুঁজি করা, কিংবা রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা—সবই মজিদীয় দর্শনের আধুনিক সংস্করণ।

‎মজিদের শক্তির মূল উৎস ছিল মানুষের ‘প্রশ্নহীন আনুগত্য’। সে গ্রামের মানুষদের প্রতিনিয়ত পরকালের ভয় দেখাত, যাতে তারা ইহকালের অধিকার ও শোষণ নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে। যখনই গ্রামে তাহের-কাদেরের বাবার মতো কেউ তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে চেয়েছে, কিংবা জমিলা নামের এক অবাধ্য কিশোরী তার ক্ষমতার ভিত নাড়িয়ে দিতে চেয়েছে, তখনই মজিদ ধর্মের দোহাই দিয়ে তাদের কণ্ঠরোধ করেছে। জামিলার চুল মাজারের খুঁটির সাথে বেঁধে রাখার সেই দৃশ্যটি আসলে ভিন্নমতের কণ্ঠরোধ করার এক আদিম প্রতীক।

‎আজকের সমাজেও যখনই যুক্তি, বিজ্ঞান বা মুক্তবুদ্ধির চর্চা হতে যায়, তখনই একদল আধুনিক ‘মজিদ’ ধর্মের অবমাননার ধুয়া তুলে উন্মাদনা তৈরি করে। সহজ-সরল মানুষকে খেপিয়ে তুলে ভাঙচুর, সহিংসতা কিংবা সামাজিক বয়কটের মতো ঘটনা ঘটানো হয়। এর মূল উদ্দেশ্য কিন্তু ধর্ম রক্ষা নয়, বরং নিজেদের তৈরি করা ক্ষমতার ‘লালসালু’র সাম্রাজ্যকে টিকিয়ে রাখা।

‎‎আমাদের মনে রাখা প্রয়োজন, ধর্ম মানুষের আত্মিক শান্তির জন্য, নৈতিকতা শিক্ষার জন্য। কিন্তু যখনই ধর্মকে কেন্দ্র করে অন্ধত্ব তৈরি হয়, তখনই জন্ম নেয় মজিদের মতো সুবিধাবাদীরা।

‎মজিদেরা সবচেয়ে বেশি ভয় পায় মানুষের সচেতনতা, শিক্ষা এবং প্রশ্ন করার ক্ষমতাকে। তাই লালসালু উপন্যাসের শেষে যখন মহব্বতপুর গ্রাম বন্যায় ভেসে যাচ্ছিল, মানুষ যখন নিয়তির চেয়ে বাস্তব জীবন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত, তখনও মজিদ তার মাজার আঁকড়ে ধরেছিল —কারণ মাজার হারালে তার শোষণের রাজত্ব শেষ হয়ে যায়।

‎আজকের বাংলাদেশকে যদি আমরা একটি প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, তবে এই মজিদদের মুখোশ উন্মোচন করা জরুরি। গ্রামীণ ও শহরের মানুষের মন থেকে অন্ধত্বের অন্ধকার দূর করতে হবে। রাষ্ট্র ও সমাজে এমন এক শিক্ষার বিস্তার ঘটাতে হবে, যা মানুষকে ভয়ের সংস্কৃতির ঊর্ধ্বে উঠে যুক্তিবাদী হতে শেখায়। যেদিন আমাদের সমাজ হুজুগ আর অলৌকিক ভয়ের ঊর্ধ্বে উঠে সত্যকে চিনতে পারবে, সেদিনই কেবল লালসালু’র মজিদদের এই চিরন্তন শোষণের অবসান ঘটবে।

তারিক ইসলাম, ‎সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

(মতামত লেখকের নিজস্ব, এজন্য সম্পাদক দায়ী নন)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১০

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

১১

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

১২

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

১৩

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

১৪

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১৫

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১৬

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১৭

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৮

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৯

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

২০
error: Content is protected !!