
ডেস্ক রিপোর্ট: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সাতক্ষীরা কার্যালয়ের উপপরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল মঈন ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ।
আরো বক্তব্য রাখেন , জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, পল্লী উন্নয়নে সফল ব্যক্তিত্ব স্বপন কুমার শীল, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় দুইজন উপকারভোগীর মধ্যে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক, ২৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে মোট ৮ লাখ ১০ হাজার টাকার প্রণোদনার চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন