
ডেস্ক রিপোর্ট: ‘গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা’ শুনে ভ্রু কুঁচকাতেই পারেন। কিন্তু, এই হোটেলে যিনি একবার বিশেষ এই খাবারের স্বাদ নিয়েছেন, তিনিই নাকি বারবার ফিরে আসছেন। কি এমন আছে এই রান্নায়, চলুন জেনে নেওয়া যাক।
সকাল থেকে রাত, টাঙ্গাইলের ‘রান্না ভালো হোটেল’ এ গরুর মাংস আর কাঁচা কলার এই অদ্ভুত জুটিই এখন ভোজনরসিকদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।
টাঙ্গাইল সদরের মেডিকেল কলেজ রোডের এই হোটেলে বিশেষ কায়দায় তৈরি হয় আইটেমটি। প্রথমে কাঁচা কলা সিদ্ধ করে সরিষার তেলে পেঁয়াজ, আদা, রসুন ও মসলা কষিয়ে দেওয়া হয় গরুর মাংস। মাংস কষানো হলে মিশে যায় কলা। ধীর আঁচে রান্নায় মাংসের মসলা আর ঝোল টেনে নিয়ে কলাও হয়ে ওঠে নরম ও মজাদার।
ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ি; সবকিছুর সাথেই এই কলা গরুর ভুনার স্বাদ নিতে দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন ভোজনরসিকরা। কারও কাছে এটি পুরোনো স্বাদের নতুন আয়োজন, আবার কারও কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।
গরুর মাংস আর কাঁচা কলার এই ‘জোড়া’ যে এতটা জমে উঠবে, তা হয়তো শুরুতে ভাবেননি কেউই। তবে, এখন এই ভিন্নধর্মী পদই ‘রান্না ভালো হোটেল’-এর পরিচিতি। স্বাদের এই নতুন গল্পে তাই প্রতিদিনই বাড়ছে ভোজনরসিকদের ভিড়।
মন্তব্য করুন