
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সরকারি জমি ও কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পল্লী চিকিৎসক গোলাম রব্বানীর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রিয়জন হারানোর শোক বুকে নিয়ে মানববন্ধনে অংশ নেন তাঁর পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবর স্থানে দাফন শেষে উপজেলার মহারাজপুর ইউনিয়নের রাজ্জাক চেয়ারম্যানের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, নিহত গোলাম রব্বানীর মেয়ে বৈশাখী ও ছেলে বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সভাপতি এম আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন মানুষকে প্রাণ হারাতে হয়েছে এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গোলাম রব্বানীর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তাঁরা আরও বলেন, একজন স্বজনকে হারিয়ে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই শোকাবহ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এমন প্রাণঘাতী সংঘর্ষের পুনরাবৃত্তি না ঘটে।

মন্তব্য করুন