
ডেস্ক রিপোর্ট: আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র উদ্বোধন হয়েছে শুক্রবার। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিযোগিতার প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। পুরুষ ও নারী-দুই বিভাগেই দ্রুততম মানব-মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই দুই অ্যাথলেট। পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ইমরানুর রহমান। ১০.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান, তার সময় ১০.৭৩ সেকেন্ড।
নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শিরিন আক্তার। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন। ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। জয়ের পর নিজের সাফল্যের জন্য সতীর্থ, কোচ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতার কথা উল্লেখ করেন শিরিন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে।’ অন্যদিকে, ১০০ মিটারে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইমরানুর রহমান।
মন্তব্য করুন