
আশাশুনি প্রতিনিধি: এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পরান্দাহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোখলেছুর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র এবং মাদ্রাসার আবাসিক বোর্ডিংয়ে থাকত।
এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এ ছাড়া গত কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপাতেন তিনি। সর্বশেষ গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে দিয়ে ফেরার পথে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন। পরে বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থতা বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় মামলা করেন।
আশাশুনি থানার ওসি শাহিদুর রহমান বলেন, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পরান্দাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন