
খেলা ডেস্ক: গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। আজ গিলকে পেছনে ফেলে ৫০ ওভার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।
ব্রুকের ডাবল সেঞ্চুরিটি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও প্রথম। এর আগে এই সংস্করণে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন স্টোকস।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচটির শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না ব্রুক। চারে নেমে প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। পরে কামিন্দু মেন্ডিসের ওভারে পরপর দুটি ছক্কা মেরে রানের গতি বাড়ান। এরপর সুইপ, স্কুপ, রিভার্স স্কুপ আর দৃষ্টিনন্দন শটে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি।
তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ার পর উইল জ্যাকসের সঙ্গে যোগ করেন আরও ১৮৫ রান। জ্যাকসও ২৫ বলে ফিফটি তুলে নেন।
ইংল্যান্ড ইনিংসের ৪৯তম ওভার শেষে ব্রুকের রান ছিল ১৮৬। শেষ ওভারে জানিত লিয়ানাগের প্রথম বলেই মারেন ছক্কা। পরের দুই বলে ডাবলস নিয়ে পৌঁছে যান ১৯৬–এ। এরপর চতুর্থ বলে স্কুপ শটে বল বাউন্ডারিতে পাঠিয়ে পৌঁছে যান দুই শর মাইলফলকে।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে ১১৬ বলে ২০২ রান, ২১টি চার ও ১০টি ছক্কা।
ব্রুকের এই ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই কোনো দলের সর্বোচ্চ রান। পাকিস্তানের মাটিতেও এটিই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর।
আরেকটি বিরল কীর্তিও গড়েছেন ব্রুক। টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ও টি–টুয়েন্টিতে সেঞ্চুরি—তিন সংস্করণে এই তিন মাইলফলক ছোঁয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
মন্তব্য করুন