বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৩ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক অজ পাড়াগাঁ। বর্ষায় নদী যেমন গর্জে ওঠে, শুকনো মৌসুমে তেমনি শুকিয়ে কাঠ। ঠিক তেমনি অভাব-অনটনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা এক দিনমজুরের সংসার। বাপের দিনমজুরির সামান্য উপার্জনে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে ছেঁড়া কাঁথায় শুয়ে মা ঘরের টুকটাক কাজ সারতে সারতে ছেলেকে শোনাতেন আলোর দিশা। সংসারের হাহাকার আর নুন-ভাতের যুদ্ধের মাঝেই ছেলেটা বুক বেঁধেছিল এক কঠিন স্বপ্নে।

হারিকেনের টিমটিমে আলোয় পড়ালেখা, আর বর্ষার দিনে চাল চুইয়ে পড়া পানির ফোঁটা বাঁচিয়ে বই সামলানো এভাবেই একেকটা দিন পার হয়েছে। অভাব অনেক কিছু কেড়ে নিলেও কাড়তে পারেনি ছেলেটার দৃঢ় মনোবল। এসএসসি ও এইচএসসি দুটোতেই ভালো ফলাফল করে তাক লাগিয়ে দিল সবাইকে।

কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য ! উচ্চশিক্ষার স্বপ্ন তো দূরের কথা, দু’বেলা অন্ন সংস্থানের চিন্তাই যেখানে হিমশিম খেতে হয়। সেখানে উচ্চশিক্ষার কথা ভাবা তো নিতান্তই ঘুমিয়ে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নায়।

অভাবের কাছে হার মেনে যখন সব আশা ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই আল্লাহ তাআলার অশেষ রহমত, তার পরিশ্রম আর অদম্য মানসিক জোরে ছেলেটি সুযোগ পেয়ে গেল এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে।

প্যাক করা একটা পুরনো ব্যাগ আর বাবার হাতে তুলে দেওয়া শেষ সম্বলটুকু সম্বল করে ছেলেটি রওনা হলো এক অচেনা শহরের উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ পেছনে ফেলে ছেলেটা যখন বাসস্ট্যান্ডে এসে দাঁড়াল, মা হাতটা চেপে ধরে বলেছিলেন, “বাবা রে, নিজের খেয়াল রাখিস। ঠিকমতো খাইস। দ্যাশ ছাড়ি পর দ্যাশে যাচ্ছিস, মা-বাবারে মান রাখিস।” ছেলেটা কিছু বলেনি, শুধু একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বাসের জানালায় মুখ রেখেছিল। চোখে তার হাজারো স্বপ্ন, আর বুকের ভেতর এক অজানা ভয়। অচেনা শহর, গাদাগাদি করে থাকা মেসের ছোট এক রুম, চারপাশের অচেনা সব মুখ এভাবেই শুরু হয়েছিল তার প্রথম বর্ষের পথচলা।

শুরুতে ক্যাম্পাসের মুক্ত বাতাস, নতুন বন্ধু আর চায়ের দোকানের আড্ডাগুলো বেশ রঙিন লাগত। মনে হতো পুরো পৃথিবীটাই বুঝি হাতের মুঠোয়। কিন্তু প্রথম সেমিস্টারের সেই প্রথম চঞ্চলতা আর বেশি দিন স্থায়ী হয় না। বাস্তবতার আলো আস্তে আস্তে নামতে শুরু করে চোখে।

বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাটি হয় দেশের বিভিন্ন প্রান্ত ও মফস্বল থেকে আসা সাধারণ শিক্ষার্থীদের হাত ধরে। গ্রামের চেনা গণ্ডি পেরিয়ে , মা-বাবার কোল ছেড়ে অচেনা এক শহরে এসে ওঠা। যেখানে চারপাশের মানুষগুলো অপরিচিত। অচেনা শহর, নতুন পরিবেশ এবং মেস বা হলের সিটে মানিয়ে নেওয়ার লড়াই দিয়ে শুরু হয় প্রথম বর্ষ। একজন শিক্ষার্থী ক্লাসে বসে স্যারের লেকচার শুনছে, আবার ঠিক সেই মুহূর্তেই টেবিলের নিচে লুকিয়ে রাখা মোবাইলের স্ক্রিনে চোখ বোলাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা চ্যাটিংয়ে। পাশের বেঞ্চে বসা আরেকজন হয়তো ক্লাসের বিরতিতে ল্যাপটপ খুলে উত্তর দিচ্ছে কোনো বিদেশি ক্লায়েন্টের মেসেজের। একই ক্যাম্পাস, একই বয়সের তরুণ কিন্তু সময়ের প্রয়োজনে প্রত্যেকের লড়াইটা আজ আলাদা।

কেউ কেউ প্রথম দিন থেকেই লক্ষ্য স্থির রাখে অ্যাকাডেমিক ফলাফলে। ভালো সিজিপিএ তুলে উচ্চশিক্ষা কিংবা গবেষণায় জন্য দিন-রাত এক করে পড়াশোনা করে। আরেক দল শিক্ষার্থীর নজর ভবিষ্যতের নিশ্চিত জীবনের দিকে। ক্লাসের নোটের চেয়েও তাদের কাছে বেশি জরুরি হয়ে ওঠে বিসিএস বা ব্যাংক জব প্রিপারেশনের মোটা মোটা বই। আবার কেউ কেউ সময় দিচ্ছে নাচ-গান, থিয়েটার, ডিবেটিং কিংবা সামাজিক সংগঠনে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর নেটওয়ার্কিং তৈরি করতে তারা ব্যস্ত দিন-রাত। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাই ক্যাম্পাসজীবনের গল্প।

যে ছেলেটি একদিন নদীর পাড়ের ছোট্ট গ্রাম থেকে বুকভরা স্বপ্ন নিয়ে অচেনা শহরে এসেছিল, সেও এখন ভবিষ্যতের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। একসময় যার কাছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আজ তার সামনে নতুন প্রশ্ন এই শিক্ষাজীবন শেষে সে কোথায় দাঁড়াবে? পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে তো? এত দিনের সংগ্রাম কি তাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে?

হয়তো তার পাশের বেঞ্চে বসা বন্ধুটি বিসিএস বা বিজিএসের প্রস্তুতি নেবে, কেউ বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবে, কেউ চাকরি খুঁজবে, কেউ নিজের উদ্যোগে নতুন কিছু শুরু করবে। আবার কেউ হয়তো প্রত্যাশিত সাফল্য না পেয়ে নতুন করে পথ খুঁজতে বাধ্য হবে। কয়েক বছর আগেও যাদের স্বপ্ন, আড্ডা আর পথচলা ছিল প্রায় একই রকম, সময়ের ব্যবধানে তাদের জীবনই হয়ে উঠবে সম্পূর্ণ আলাদা। যে ক্যাম্পাস একদিন তাদের এক করেছিল, একসময় সেই ক্যাম্পাসই হয়ে উঠবে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নীরব সাক্ষী।

কিন্তু এই বদলে যাওয়ার পেছনে শুধু সময়ের হাত নেই আছে নির্মম বাস্তবতা , অর্থনৈতিক অবস্থানের পার্থক্য, বা হতে পারে পারিবারিক দায়িত্ব। কারও কাছে বিশ্ববিদ্যালয়জীবন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, আবার কারও কাছে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই আরও কঠিন হয়ে ওঠে। একই শিক্ষা প্রতিষ্ঠানে পড়েও সবাই সমান সুযোগ নিয়ে শুরু করে না, সবাই সমান নিশ্চয়তা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যায় না। তাই ক্যাম্পাসের সাফল্যের গল্পের পাশাপাশি থেকে যায় এমন অনেক নীরব সংগ্রাম, যা হয়তো কোনো ফলাফলের তালিকায় কিংবা বিদায় অনুষ্ঠানের ছবিতে ধরা পড়ে না।

একদিন ক্লাস শেষ হবে, পরীক্ষার ফল প্রকাশিত হবে, হাতে উঠবে কাঙ্ক্ষিত সনদ। তারপর একে একে সবাই বিদায় নেবে প্রিয় ক্যাম্পাস থেকে। যে চায়ের দোকানে বসে ভবিষ্যৎ নিয়ে কত কথা হয়েছিল, যে করিডরে হাঁটতে হাঁটতে বন্ধুত্ব গড়ে উঠেছিল, যে শ্রেণিকক্ষে পাশাপাশি বসে অসংখ্য স্বপ্ন দেখা হয়েছিল সেসব জায়গা একসময় নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে। শুধু পুরোনো শিক্ষার্থীরা ফিরে তাকালে দেখতে পাবে, তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিঃশব্দে পেছনে পড়ে আছে।

শেষ পর্যন্ত ক্যাম্পাস বদলায়, শিক্ষার্থীরা বদলায়, বদলে যায় স্বপ্ন পূরণের পথও। যে তরুণেরা একদিন একই আকাশের নিচে বসে নিজেদের ভবিষ্যৎ কল্পনা করেছিল, সময় তাদের নিয়ে যায় ভিন্ন ভিন্ন গন্তব্যে। অথচ তাদের সবার জীবনে থেকে যায় একই অধ্যায়ের স্মৃতি একটি ক্যাম্পাস, কিছু অসমাপ্ত স্বপ্ন, কিছু অর্জন, কিছু অপূর্ণতা আর বড় হয়ে ওঠার এক দীর্ঘ সময়। এভাবেই বদলে যায় ক্যাম্পাসজীবন আর সেই পরিবর্তনের ভেতর দিয়েই একদিন শিক্ষার্থীরা বুঝতে শেখে, বিশ্ববিদ্যালয়ে আসা ছিল জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু, শেষ গন্তব্য নয়।

লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

২

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

৩

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

৪

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

৫

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৬

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৭

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৮

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৯

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১০

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১১

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

১২

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১৩

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১৫

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৬

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৮

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৯

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২০