
বিলাল হোসেন: দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের গাবুরায় খালি থালা ও কলস হাতে নিয়ে ব্যতিক্রমী এক প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন অর্ধাহারে-অনাহারে থাকা বিক্ষুব্ধ নারী-পুরুষেরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় গাবুরার সোরা ক্লাব মোড়ে এই আন্দোলন কর্মসূচি পালিত হয়।
এতে শত শত নারী ও উপকূলের কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।
এই কর্মসূচি থেকে সুন্দরবনের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবন-জীবিকা, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং সন্তানদের ভবিষ্যৎ তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের জোর দাবি জানানো হয়।
এসময় ময়না খাতুন ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গত দুইদিন ধরে তার ঘরে রান্না হয়নি।
লায়লা খাতুন জানান, দস্যুদের দৌরাত্ম্যে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না, ফলে কারও কারও বাড়িতে হাঁড়ি জ্বলেনি।
বিলকিস বেগম বলেন, অভাবে পড়ে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে; খাবারের পাশাপাশি দেখা দিয়েছে খাবার পানির মারাত্মক সংকট।
শেফালী বিবি বলেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে।
রহিমা খাতুন জানান, আয় বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও দারিদ্র্যের এক আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে; অনেক পরিবারে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলছে না এবং বিশুদ্ধ পানির জন্য ছুটতে হচ্ছে।
শাহিদা খাতুন ও হালিমা খাতুন বলেন, সংসারের চরম অর্থকষ্ট ও টানাপোড়েনে বাধ্য হয়ে তাদের সন্তানদের লেখাপড়াও বন্ধ করে দিতে হচ্ছে।
এই আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী এবং সাইফুল ইসলাম।
নেতৃবৃন্দ নারীদের এই সাহসী প্রতিবাদকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুততম সময়ে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করা না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন