
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা সদর ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে রত্নেশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রহিমপুর গ্রাম উন্নয়ন সংগঠনের (রহিমপুর গ্রাম উন্নয়ন কমিটি) সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আল মামুন, স্বপন কুমার ও সাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আকর্ষণীয় পটচিত্র প্রদর্শনের পাশাপাশি গানের সুরে ও ছন্দে বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক এবং এর প্রতিকারের উপায়গুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
রত্নেশ্বরপুর, রহিমপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সচেতনতামূলক পটগান উপভোগ করেন।

মন্তব্য করুন