
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে শওকত আলী তার স্ত্রীকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও তার উপর নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তবে শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর একদিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন।
এ ঘটনায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাসের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন