বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

ডেস্ক রিপোর্ট: হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে।

জনসমক্ষে নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া এ শাস্তি ইরানে হিজাব আইন আরও কঠোরভাবে কার্যকরের সরকারি অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। খবর দ্যা গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থি সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে।

জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ শাস্তি দেওয়া হয়।

আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। সেসময় তার পরনে ছিল হাতাকাটা পোশাক। কনসার্টে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটির ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে, যা ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি।

কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক।

তবে আইনটির প্রয়োগ সব সময় সমান কঠোর ছিল না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।

২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে হিজাব আইন নিয়ে সরকারের সঙ্গে সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে। সামাজিক মাধ্যমেও অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করছেন।

এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে বলেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্যের প্রবণতা বাড়তে শুরু করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও দেশটিতে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাফেরা করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

তবে গত এক বছরে ইরানি কর্মকর্তারা হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।

হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক শিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে।

২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছর প্রকাশিত তার একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।

এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেফতার করা হয়। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!