
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশন এবং চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চকপরানপুর গোদারপোতা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর ইউনিয়নের দরী সৈয়দদুল্লাপুর, চকপরানপুর, চক রামগোবিন্দপুর ও দত্তনগর মৌজায় অবস্থিত মদামারী খালটি বাইনতলা থেকে সাবেক ইউপি সদস্য সাইনা কাশেমের বাড়ি পর্যন্ত বিস্তৃত। খালটির পশ্চিম অংশ মাদার মোড়ল পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে খালটি দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় ও এলাকার সড়কের বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি চলাচলের রাস্তাটিও সংস্কারের অভাবে জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে থাকা ও রাস্তায় চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়। দ্রুত খাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. মজিবুর রহমান, বিএনপির সহসভাপতি মুক্তার হোসেন, সহসভাপতি আব্দুর রহমান, আব্দুল মাজেদ, আব্দুল কাদের, আবু মুসা, রবিউল ইসলাম, আব্দুস সাত্তার, শহিদুল আলম, শ্যামাপদ রায়, সুবল চন্দ্র মণ্ডল, নিরঞ্জন কুমার মণ্ডল, আশুতোষ, আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ পারভেজ।

মন্তব্য করুন