
বিলাল হোসেন: নির্বাচনের বাকী এখনো আড়াই মাস। কিন্তু এরই মধ্যে জমে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের নির্বাচনী প্রচার-প্রচারণা। সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, চাপের কাপে উঠছে ঝড়। এলাকায় শোভা যাচ্ছে প্রার্থীদের ব্যানার, পোস্টার। প্রার্থীরা বাড়াচ্ছেন জনসংযোগ।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নে ভোট হবে ২য় ধাপে ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি।
ইউনিয়নের হাটবাজার, চায়ের দোকান থেকে পাড়ামহল্লায় এখন আলোচনার অন্যতম বিষয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।
উপকূলীয় দ্বীপ ইউনিয়ন হওয়ায় নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুপেয় পানির সংকট, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের অভাবের মতো নানা সমস্যার সঙ্গে লড়াই করে আসছেন পদ্মপুকুরের মানুষ। তাই আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান নিয়েও আলোচনা করছেন ভোটাররা।
পদ্মপুকুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে অন্তত চারজন সম্ভাব্য প্রার্থীকে প্রচারণায় নামতে দেখা গেছে।
এরা হলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা ইদ্রিস আলী, ফরিদ-উদ-দৌলা-ফেরদৌস (নিকসন খান) ও শিক্ষক এম. সালাউদ্দিন রাজু।
পদ্মপুকুর ইউনিয়নের তরুণ ভোটার স ম মুজাহিদ জানান, পদ্মপুকুর একটি প্রাকৃতিক দুর্যোগপীড়িত এলাকা। তাই এলাকার জন্য কল্যাণকর এমন ব্যক্তিকে তারা ভোট দিতে চান।
শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, পদ্মপুকুর ইউনিয়নের ভোটারের সংখ্যা ২০ হাজার ৮৩৩। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৮৬ এবং মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ২৪৭।
সম্ভাব্য প্রার্থীরা জানান, নির্বাচনকে সামনে রেখে তারা ভোটারদের সাথে গণসংযোগ বাড়িয়েছেন।

মন্তব্য করুন