
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মেজর লিগ (ফুটবল) সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের অ্যাটাকিং মিডফিল্ডার সুলিভান।
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কারটি জিতেছেন সুলিভান। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হন।
মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পান সুলিভান। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান। সংবাদমাধ্যমে ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পান।
যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান। নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হতো।
নিয়মিত খেলোয়াড় হিসেবে এবার এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। ৯ গোল এবং ১৪ অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে এমএলএসে দুটি রেকর্ড গড়েন। এর আগে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।

মন্তব্য করুন