বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৩ নভেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো অধিনায়ক ও দেশটির গৃহবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারা বিশ্বের ক্রিকেটমহল থেকে যখন ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে, তখন তাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কয়েকদফা আন্দোলন-বিক্ষোভ করেছে।
সেটা অবশ্য স্বাভাবিক ব্যাপার। তবে কাহিনীতে নতুন টুইস্ট হিসেবে হাজির হয়েছেন ইমরান খানের এক রাজনৈতিক প্রতিপক্ষ।

ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ শরিক হয়েও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চাইছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। শুধু মুক্তির দাবিই নয়, ইমরান খানকে ‘রাজনৈতিক বন্দি’ আখ্যা দিয়ে তার রাজনৈতিক গুরুত্বও স্বীকার করেছেন তিনি।
অথচ ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে পিপিপির রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের।

গত ১৭ নভেম্বর করাচি প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক বক্তব্য দেন বিলাওয়াল।
সেখানে তিনি বলেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হলে সব রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিতে হবে। ইমরান খান ও পিটিআইকে বাদ দিয়ে দেশের রাজনৈতিক ব্যবস্থা কার্যকর হতে পারে না। তাদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

বিলাওয়ালের ভাষায়, ‘তিনি আমার পছন্দের মানুষ হোন বা না হোন, এই দেশ তাকে ছাড়া চলতে পারে না। তাকে একজন রাজনৈতিক অংশীজন হিসেবে মেনে নিতে হবে।’ একই সঙ্গে সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিহিংসার আর কতটা চর্চা করা হবে?

বিলাওয়ালের এই বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব অনেক। কারণ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার পিপিপির সমর্থনের ওপর নির্ভরশীল। সেই সরকারের শরিক হয়েই বিলাওয়াল ইমরান খানের মুক্তি দাবি করেছেন। এতে ক্ষমতাসীন জোটের ভেতরের দূরত্বও প্রকাশ্যে এসেছে। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তাই প্রশ্ন, ইমরানের প্রতি এই অবস্থান কি কেবল রাজনৈতিক সমঝোতার আহ্বান, নাকি সরকারের সঙ্গে দূরত্ব তৈরির বড় কোনো কৌশল?

বিলাওয়ালের বক্তব্যের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। একাধিক মামলায় সাজা ও বিচারাধীন মামলার কারণে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে পিটিআই। দলটির দাবি, রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই ইমরানের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

সম্প্রতি ইমরানের শারীরিক অবস্থা ও কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ১৬ নভেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানান তিনি। আদালতের কাছে পাঠানো আবেদনে ইমরান দাবি করেন, তার রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়েছে এবং যথাযথ চিকিৎসা না পেলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, চিকিৎসা না পেলে হয়তো জীবিত অবস্থায় আর ফিরতে পারবেন না। তার স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ জানান তিনি। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ভিন্ন দাবি করা হয়েছে।

এরপর ২০ নভেম্বর ইমরানের মুক্তির দাবি জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি ইমরানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান জানান। তুর্কের মতে, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আস্থা তৈরির একটি পদক্ষেপ হতে পারে ইমরানের মুক্তি। একই সময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান ও তার স্ত্রীকে পর্যাপ্ত চিকিৎসা, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।

সর্বশেষ ২৩ নভেম্বর ইমরানের চিকিৎসা ও কারাগারে সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তুলেছেন খাইবার পাখতুনখোয়ার পিটিআই আইনপ্রণেতারা। তারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং পরিবারের সদস্য, আইনজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করার ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলটির কয়েকজন শীর্ষ নেতার আটকের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

এমন পরিস্থিতিতে বিলাওয়ালের মুখে ইমরানের মুক্তির দাবি পাকিস্তানের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি শুধু ইমরানের মুক্তির কথা বলেননি, পিটিআইয়ের সংরক্ষিত আসন ফিরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন। তার মতে, বিরোধী দলকে রাজনৈতিক প্রক্রিয়ায় যথাযথ জায়গা না দিলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরবে না।

বিলাওয়ালের এই অবস্থানের পেছনে আরেকটি বড় কারণ নতুন প্রদেশ গঠন নিয়ে সরকারের সঙ্গে পিপিপির বিরোধ। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ নতুন প্রদেশ গঠনের পক্ষে কথা বলেন। এ বিষয়ে পিপিপির সঙ্গে আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। কিন্তু বিলাওয়াল জানান, তার সঙ্গে কিংবা তার বাবা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে এ নিয়ে সরকারের কোনো আলোচনা হয়নি।

গণভোটের মাধ্যমে নতুন প্রদেশ গঠনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন পিপিপি চেয়ারম্যান। বিশেষ করে সিন্ধ প্রদেশকে বিভক্ত করার উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। তার সতর্কবার্তা, জোর করে সিন্ধকে ভাগ করার জন্য গণভোট চাপিয়ে দেওয়া হলে সেখানে রক্তপাত হতে পারে।

বিলাওয়ালের বক্তব্যের জবাবে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বিলাওয়াল একদিকে সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছেন, অন্যদিকে বিরোধী দলের মতো কথা বলছেন। নতুন প্রদেশ গঠন নিয়ে জনমত যাচাইয়ে গণভোট একটি সাংবিধানিক পদ্ধতি বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ‘দেশের বর্তমান ব্যবস্থা ভেঙে পড়েছে’ মন্তব্যেরও সমালোচনা করেন বিলাওয়াল। তার ভাষ্য, ব্যবস্থাটি নিজে থেকে ভেঙে পড়েনি, জোর করে ভেঙে দেওয়া হয়েছে। এখন সেটিকে নতুন করে সাজাতে হবে। ২৭তম সংবিধান সংশোধনী নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই ধরনের চাপ প্রয়োগ করে ২৮তম সংশোধনী আনার চেষ্টা হলে পিপিপি সমর্থন দেবে না বলেও ইঙ্গিত দেন।

এসব বক্তব্যের মধ্য দিয়ে শাহবাজ শরিফ সরকারের সঙ্গে পিপিপির মতপার্থক্য স্পষ্ট হয়েছে। এমনকি মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসামূলক পদক্ষেপেরও নিন্দা জানিয়েছেন বিলাওয়াল। ফলে নতুন প্রদেশ ইস্যুতে বিরোধ আরও বাড়লে পিপিপি সরকারের সমর্থন প্রত্যাহার করে বিরোধী শিবিরে যেতে পারে, এমন ধারণাও তৈরি হয়েছে।

বিলাওয়ালের অবস্থান বুঝতে হলে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসও বিবেচনায় নিতে হবে। ইমরান খানের সঙ্গে পিপিপির রাজনৈতিক বিরোধ থাকলেও বিলাওয়াল এখন বলছেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার নিশ্চিত করতে হবে। তার মতে, রাজনৈতিক বন্দিদের কারাগারে রেখে এবং বিরোধী দলকে বাদ দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় স্থিতিশীলতা আনা সম্ভব নয়।

অন্যদিকে, পিপিপি সরকারের সমর্থন প্রত্যাহার করলে দলটিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ ছাড়তে হতে পারে। প্রেসিডেন্টের পদ, সিনেট চেয়ারম্যান, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার গভর্নরসহ বিভিন্ন পদে পিপিপির প্রতিনিধিত্ব রয়েছে। ফলে সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে এসব পদ ঝুঁকিতে ফেলা দলটির জন্য সহজ সিদ্ধান্ত হবে না।

তবে বিলাওয়ালের বক্তব্যকে শুধু ক্ষমতার হিসাব দিয়ে ব্যাখ্যা করাও কঠিন। তার মা বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের পর ২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে পিপিপির নেতৃত্ব পান তিনি। সে সময় সিন্ধে পাকিস্তানবিরোধী স্লোগান উঠলেও তার বাবা আসিফ আলী জারদারি ‘পাকিস্তান খাপ্পে’ অর্থাৎ ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে দেশের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। বিলাওয়ালও বরাবরই কেন্দ্রীয় রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক সমঝোতার পক্ষে কথা বলে এসেছেন।

সব মিলিয়ে ইমরান খানের মুক্তি নিয়ে বিলাওয়ালের অবস্থান পাকিস্তানের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে স্বীকৃতি দিয়ে তার মুক্তি দাবি করা যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি ক্ষমতাসীন জোটের শরিক হিসেবে এমন বক্তব্য দেওয়াও কম গুরুত্বপূর্ণ নয়। প্রশ্ন এখন একটাই, বিলাওয়াল কি সত্যিই রাজনৈতিক প্রতিহিংসার অবসান চান, নাকি ইমরান ইস্যুকে সামনে রেখে শাহবাজ সরকারের ওপর চাপ বাড়িয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পথে হাঁটছেন?

তথ্যসূত্র: পাকিস্তানের শীর্ষ সাংবাদিক হামিদ মীরের কলাম ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

২

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৩

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৪

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৫

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

৬

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

৭

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

৮

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

৯

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১০

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১১

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৩

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৪

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৫

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

১৬

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

১৭

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

১৮

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃ/ত্যু

১৯

চায়ের কাপে ঝড়; দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে

২০
error: Content is protected !!