
বিলাল হোসেন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা দ্বীপ ইউনিয়ন গাবুরায় প্রচারণায় নেমেছেন ছয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। ইউনিয়নের মোড়ে মোড়ে শোভা যাচ্ছে তাদের নির্বাচনী প্রচারণার ব্যানার, পোস্টার। চায়ের দোকানে উঠছে নির্বাচনী ঝড়। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রচারণা।
জানা গেছে, গাবুরা ইউপি চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে অংশগ্রহণের জন্য প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন শ্যামনগর উপজেলা সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, সাতক্ষীরা জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন লিটন, জামায়াত নেতা মাওলানা ইসাক আলী, বর্তমান ইউপি সদস্য আবিয়ার রহমান, রবিউল ইসলাম ও মাস্টার আব্দুর রহিম।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের নানামুখী চ্যালেঞ্জকে সামনে রেখে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন তারা। সেই সাথে ভোটাররাও ব্যক্ত করতে শুরু করেছেন তাদের প্রত্যাশার কথা।
গাবুরা ইউনিয়নের তরুণ ভোটার আশিকুর রহমানসহ অনেকেই জানান, এবারের নির্বাচনে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সামাজিক গ্রহণযোগ্যতা এবং এলাকার উন্নয়নে তাঁদের পরিকল্পনা বিবেচনা নেওয়া হবে।পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হলে জনসাধারণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
সাইফুল ইসলাম বলেন, ইউনিয়নের ভাঙনকবলিত বেড়িবাঁধের স্থায়ী সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি এবং সুন্দরবননির্ভর জেলে ও বনজীবীদের নিরাপত্তার বিষয়গুলো নির্বাচনে ভোটারদের বেশ প্রভাবিত করবে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, আমরা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন দেখতে চাই।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইউনিয়নগুলোতে দ্বিতীয় দফায় ২০২৭ সালের ৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।
শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার আল মামুন জানান, গাবুরা ইউনিয়নের ভোটার ২৬ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২২৬ এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ২২৮ জন। নির্বাচনের আগ পর্যন্ত ভোটারের সংখ্যা বাড়তে পারে।

মন্তব্য করুন