
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২৭ শিক্ষাবর্ষে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্রিকেট, ফুটবল, সাঁতার, অ্যাথলেটিক্সসহ ২২টি ক্রীড়া বিভাগে প্রশিক্ষণার্থী ভর্তি নেওয়া হবে। আগামী ২১ ডিসেম্বর থেকে দেশের আটটি বিভাগে শুরু হবে প্রাথমিক বাছাই পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিভা অন্বেষণের পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে দীর্ঘমেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এ ভর্তি কার্যক্রম পরিচালনা করছে বিকেএসপি।
বিভাগভিত্তিক বাছাইয়ের সময়সূচি
বিকেএসপির বিজ্ঞপ্তিতে আটটি বিভাগের পরীক্ষার তারিখ ও কেন্দ্র উল্লেখ করা হয়েছে। যা নিম্নে দেওয়া হলো-
রংপুর বিভাগে ২১ ও ২২ ডিসেম্বর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশেরহাট, দিনাজপুরে পরীক্ষা হবে।
রাজশাহী বিভাগে ২৪ ডিসেম্বর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিটিহাট, রাজশাহীতে পরীক্ষা হবে।
খুলনা বিভাগে ২৬ ও ২৭ ডিসেম্বর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিল গেট, আড়ংঘাটা, খুলনায় পরীক্ষা হবে।
বরিশাল বিভাগে ২৯ ডিসেম্বর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গড়িয়ারপাড়, বরিশালে পরীক্ষা হবে।
ময়মনসিংহ বিভাগে ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে পরীক্ষা হবে।
সিলেট বিভাগে ২ জানুয়ারি ২০২৭ তারিখে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কুশিয়ারা বাইপাস, খাদিমনগর, সিলেটে পরীক্ষা হবে।
চট্টগ্রাম বিভাগে ৪ জানুয়ারি ২০২৭ তারিখে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সাগরিকা রোড, চট্টগ্রামে পরীক্ষা হবে।
ঢাকা বিভাগে ৭ ও ৮ জানুয়ারি ২০২৭ তারিখে বিকেএসপি, জিরানী, আশুলিয়া, সাভারে পরীক্ষা হবে।
যেসব খেলায় ভর্তি নেওয়া হবে এবং ভর্তির যোগ্যতা
ভর্তি কার্যক্রমে ক্রিকেট, ফুটবল, আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, দাবা, জিমন্যাস্টিকস, হকি, জুডো, কারাতে, কাবাডি, কুস্তি, উশু, সাঁতার ও ডাইভিং, টেবিল টেনিস, ফেন্সিং, টেনিস, ভারোত্তোলন ও ভলিবলসহ মোট ২২টি ক্রীড়া বিভাগে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে।
বিকেএসপির বিজ্ঞপ্তিতে প্রতিটি খেলার জন্য আলাদা বয়স, ন্যূনতম উচ্চতা এবং ভর্তির শ্রেণি নির্ধারণ করা হয়েছে। খেলাভেদে বয়সসীমা মোটামুটি ৭ থেকে ১৫ বছরের মধ্যে। একইভাবে ছেলে ও মেয়েদের জন্য ন্যূনতম উচ্চতার শর্তও আলাদা করে উল্লেখ করা হয়েছে।
কোনো কোনো খেলায় ছেলে ও মেয়ে উভয়ের জন্য উচ্চতার শর্ত রয়েছে। আবার কিছু বিভাগে শুধু ছেলেদের ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে। ভর্তির শ্রেণিও খেলাভেদে আলাদা- কোনো বিভাগে তৃতীয় বা চতুর্থ শ্রেণি থেকে, আবার কোনো বিভাগে অষ্টম বা নবম শ্রেণি পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে।
তবে বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স, শ্রেণি ও উচ্চতার শর্ত শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট খেলার সারির বয়স, উচ্চতা ও শ্রেণির শর্ত মিলিয়ে নেওয়া জরুরি।
যেভাবে আবেদন করতে হবে
আবেদন করতে হবে বিকেএসপির অনলাইন ভর্তি পোর্টাল bkspds.gov.bd-এর মাধ্যমে। বিজ্ঞপ্তিতে দেওয়া ধাপগুলো হলো-
১. bkspds.gov.bd ওয়েবসাইটে প্রবেশ
২. Applicant Registration নির্বাচন
৩. Apply-তে ক্লিক
৪. Form Fill up সম্পন্ন
৫. Submit
৬. Make Payment নির্বাচন
৬. ই-কেপের মাধ্যমে নির্ধারিত অপারেটর বেছে পেমেন্ট
৭. আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট
বিজ্ঞপ্তিতে প্রতিটি ক্রীড়া বিভাগের জন্য আবেদন ফি ২০০ টাকা উল্লেখ করা হয়েছে। একাধিক ক্রীড়া বিভাগে আবেদন করতে চাইলে একই সময়ে একাধিক বিভাগের জন্য আবেদন করা যাবে। তবে আবেদন সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট বিভাগের নির্ধারিত পরীক্ষার তারিখের আগে।
প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে প্রার্থীদের সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সঙ্গে আনতে হবে। বাছাইয়ে উত্তীর্ণদের পরবর্তী ধাপে তিন থেকে চার দিনের আবাসিক ক্যাম্পে রাখা হবে। ক্যাম্পের ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তিতে আলাদা কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার তারিখে আবেদন বন্ধের কথা উল্লেখ নেই। সংশ্লিষ্ট বিভাগের প্রাথমিক বাছাই পরীক্ষার নির্ধারিত তারিখের আগেই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বাছাই পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র
প্রাথমিক নির্বাচনের সময় প্রার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। যে খেলায় আবেদন করা হয়েছে, সেই খেলার ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও পোশাক সঙ্গে আনতে হবে।
প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের পরবর্তী ধাপে তিন থেকে চার দিনের আবাসিক ক্যাম্পে রাখা হবে। এই ক্যাম্পের ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ক্যাম্পে যোগদানের সময় প্রার্থীদের সঙ্গে রাখতে হবে-
দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
অনলাইন জন্মনিবন্ধনের কপি।
অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি।
সর্বশেষ পরীক্ষার সনদ ও নম্বরপত্রের কপি।
প্রয়োজনীয় ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির প্রমাণসংক্রান্ত কাগজপত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি খেলার জন্য ভর্তিচ্ছুদের বয়স, শারীরিক উচ্চতা, দক্ষতা যাচাই করা হবে। পরবর্তী ধাপে প্রার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষা আগের শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রয়োজনে প্রার্থীর বয়স নিশ্চিত করতে হাড়ের পরীক্ষাও করা হতে পারে।
বিশেষ নির্দেশনা
একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে আবেদন করতে পারবেন। একই ক্রীড়া বিভাগে একাধিকবার আবেদন করলে তা ভর্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো প্রার্থী নিজ বিভাগের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
ভর্তি কার্যক্রমে কোনো ধরনের অনৈতিক সুবিধা বা প্রভাব বিস্তারের চেষ্টা না করার বিষয়ে সতর্ক করেছে বিকেএসপি। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

মন্তব্য করুন