
ডেস্ক রিপোর্ট: আইপিএলের আগামী আসর সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই অংশ হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাদের ছেড়ে দেওয়ায় নিলামের আগে কলকাতার বাজেটে যুক্ত হয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি।
ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার জেরে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ে ক্রিকেটেও। এর ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে আইপিএলের ওই মৌসুমে কলকাতার হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি মুস্তাফিজের।
অন্যদিকে গত বছরের নিলামে ১৮ কোটি রুপিতে মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কলকাতা। তবে দলটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন এই শ্রীলঙ্কান পেসার। অভিষেক ম্যাচে দ্বিতীয় ওভারে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ফলে মাত্র আটটি বল করেই মাঠ ছাড়তে হয় তাকে।
এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া আরেকটি চোট এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে যোগ দিতেও বিলম্ব হয়েছিল পাথিরানার।
তবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। গত বছর ২৫ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে তাকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। মৌসুমের শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও পরে ব্যাট হাতে ঘুরে দাঁড়ান গ্রিন। ১৪৫.৭০ স্ট্রাইক রেটে করেন ৩২২ রান। বোলিংয়ে ১০.৬৩ ইকোনমি রেটে শিকার করেন সাত উইকেট।
তবে আইপিএল ২০২৭ মৌসুমের আগে ও পরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি থাকায় আগামী আসরে গ্রিনের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ট্র্যাভিস হেডও আগামী মৌসুমে না খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল ২০২৪-এর আগে ৬ কোটি ৮০ লাখ রুপিতে হেডকে দলে নিয়েছিল হায়দ্রাবাদ। পরে ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৪ কোটি রুপিতে তাকে ধরে রাখে দলটি।
অন্যদিকে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। নয় বছরের বিরতি শেষে ২০২৪ সালে আইপিএলে ফিরেছিলেন এই বাঁহাতি পেসার। তাকে ছেড়ে দেওয়ায় দিল্লির নিলামের বাজেটে যুক্ত হয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপি।

মন্তব্য করুন