
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন: বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
থ্রিডি উপস্থাপনা ও সম্ভাব্যতা যাচাই
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনার ওপর একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
এতে সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
কারিগরি কমিটি ও উপকমিটি গঠন
প্রকল্পের কাজ দ্রুত ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি (স্পেসিফিকেশন) কমিটি গঠনের প্রস্তাব করা হয়। বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে।
এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ের জন্য কমিটির তিন সদস্য—লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম এবং মো. সাইফুল আলমের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
দরপত্র আহ্বানের নির্দেশনা
সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন