
ডেস্ক রিপোর্ট: দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস২৪ ডটকমের সম্পাদক আলতাফ হোসেন বাবুর পিতা মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মোঃ আবিদার রহমান দীর্ঘদিন যাবত লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এবং তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার জোহরের নামাজের পর মাগুরা-তালতলা আনিছুর রহমান ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তার নামাজে জানাজা পরিচালনা করেন হাফেজ মোঃ মনোয়ার হোসেন মোমিন। জানাজায় অংশ নেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী ফিরোজ হোসেন, মিলবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আকতারুজ্জামান, মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের ইমাম হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, মরহুমের ছোট ছেলে সাংবাদিক আলতাফ হোসেন বাবু, জেলা জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম বিপুল, আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আজগর আলী, তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, আবিদার রহমানের জামাতা আখতারুজ্জামান লাভলু প্রমুখ।
এদিকে, সমাজসেবক মোঃ আবিদার রহমানের মৃত্যুর সংবাদ শুনে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকাল ১০টায় তার বাড়িতে যান সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা ভূমিহীন নেতা মফিজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন