
কয়রা (খুলনা) প্রতিনিধি : গহীন সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আটক দুজনকে কয়রা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ।
এ সময় তাঁদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধ, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে দুইজনকে আটকের ঘটনায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে দস্যুদের নেটওয়ার্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু, ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের অভিযোগে ফরিদুজ্জামান ও রিপন হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ৪৮টি বনদস্যুদের স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন