বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

শ্যামনগর (সাতক্ষীরা)/মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: কয়েকশ’ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবে অংশ নিতে সুন্দরবনের দুবলার চরে পৌঁছেছে পুণ্যার্থীরা।

রোববার (২২ নভেম্বর) দুবলার চরের বঙ্গোপসাগর সংলগ্ন আলোরকোলে তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে। যা ২৪ নভেম্বর ভোরে বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মাধ্যমে শেষ হবে।

জানা গেছে, সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে রাস উৎসবে অংশ নিতে বুড়িগোয়ালিনী ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বন বিভাগের অনুমতি নিয়ে ২১১ জন তীর্থযাত্রী সাতটি ট্রলারে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁদের সঙ্গে রয়েছেন ১৫ জন ক্রু।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম জানান, রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে শুধু সনাতন ধর্মাবলম্বীদের পাস ও পারমিট দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে এসব পাস দেওয়া হয়।

তিনি বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা নিয়োজিত থাকবেন। রাস উৎসবে যাওয়ার সুযোগে কেউ যাতে অবৈধভাবে সুন্দরবনে ঢুকতে না পারেন কিংবা হরিণসহ বন্য প্রাণী শিকার করতে না পারেন, সে জন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। এ লক্ষ্যে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছেন।

বন বিভাগ সূত্র জানায়, তীর্থযাত্রীদের ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি অনুমতিপত্রে নির্ধারিত পথ বা রুট উল্লেখ আছে। অনুমোদিত পাঁচটি পথের যেকোনো একটি ব্যবহার করে দুবলার চরে পৌঁছাবেন তারা।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর; কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর; নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর; ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর এবং বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর পৌঁছানো যাবে।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, তীর্থযাত্রী বহনকারী নৌযানকে নির্ধারিত পথে শুধু দিনের বেলায় চলাচল করতে হবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না। প্রতিটি ট্রলারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। জলযানের গায়ে রং বা স্টিকারে বিএলসি বা সিরিয়াল নম্বর ও যাত্রীসংখ্যা লিখতে হবে।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে টিকিট বা টোকেন দেওয়া হয়েছে। বনের ভেতরে থাকার সময় তা সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রতিটি লঞ্চ, ট্রলার ও নৌকাকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে প্রতিবেদন দিতে হবে।

ভ্রমণকালে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাত বহন করা যাবে না। এসব পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহনও নিষিদ্ধ করা হয়েছে। নৌযান ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ করেছে বন বিভাগ।

ঘাটে যাত্রার প্রস্তুতির মধ্যেই কথা হয় ৩৭ বছর বয়সী শ্যামাপ্রসাদ মণ্ডলের সঙ্গে। গত কয়েক বছর ধরে দুবলার চরের রাস উৎসবে অংশ নেন তিনি। যাত্রার আগে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা শোনান শ্যামাপ্রসাদ।

তিনি জানান, চরে পৌঁছে পুণ্যার্থীরা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেন। সাগরকে সামনে রেখে নির্জনে কৃষ্ণপূজার পাশাপাশি দেবতা নীলকমল ও গঙ্গাদেবীর আরাধনায় মগ্ন হন তাঁরা। পাপমোচনের বিশ্বাসে নামেন সমুদ্রস্নানে। সূর্যোদয়ের সময় পানিতে ভাসিয়ে দেন ফল ও ফুল।

তিনি আরও জানান, এরপর ঢাক, ঢোলক, কাঁসা ও মন্দিরার তালে ভজন-কীর্তনে মুখর হয়ে ওঠে চারপাশ। সূর্যাস্তের পর সাগরকে সাক্ষী রেখে আকাশে উড়িয়ে দেওয়া হয় ফানুস। সন্তানহীন অনেক ধর্মানুরাগী এ সময় মানত করেন, মেলায় এসে আনুষঙ্গিক অনুষ্ঠান সম্পন্ন করেন মানতকারীরা। মেলায় বাদ্য, নৃত্য, গীত ও নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। কুটির শিল্পের দোকানের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফলমূল, মিষ্টান্ন ও মনোহারী সামগ্রীর পসার সাজিয়ে বসেন বিক্রেতারা।

শ্যামাপ্রসাদের ভাষ্য, একসময় দেশ-বিদেশ থেকে প্রচুর পুণ্যার্থী ও পর্যটক এ উৎসবে আসতেন। প্রতিবছর প্রায় অর্ধ লাখ মানুষ যোগ দিতেন। বর্তমানে রাস উৎসবের সময় পুণ্যার্থী ছাড়া অন্যদের সুন্দরবনে ভ্রমণের অনুমতি দিচ্ছে না বন বিভাগ।

এই মেলার উৎস নিয়ে জানতে চাইলে কথা হয় স্থানীয় লোকসংস্কৃতি বিষয়ক লেখক পীযূষ বাউলিয়া পিন্টুর সঙ্গে। তিনি বলেন, দুবলার রাস উৎসবের উৎস নিয়ে নানা মত প্রচলিত আছে। তাঁর ভাষ্য, ঠাকুর হরিচাঁদের অনুসারী হরি ভজন নামে এক মতুয়া হিন্দু সাধু ১৯২৩ সালে এ মেলা শুরু করেছিলেন। ওই সাধু চব্বিশ বছরেরও বেশি সময় সুন্দরবনে গাছের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছেন বলে জানা যায়।

পীযূষ বাউলিয়া পিন্টু আরও বলেন, কারও কারও মতে, শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনের গোপীদের সঙ্গে রাসনৃত্যে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সেই স্মরণেই দুবলায় রাস উৎসব পালিত হয়ে আসছে। অনেকে মনে করেন, কোনো এক পূর্ণিমা তিথিতে পাপমোচন ও পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান শ্রীকৃষ্ণ। সেই স্বপ্নাদেশকে সম্মান জানাতেই বসে রাসমেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

২

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

৩

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

৪

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

৫

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

৬

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

৭

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৮

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

৯

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

১০

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা: শিহাব সভাপতি, সিরাজুম মুনির সম্পাদক

১১

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

১২

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

১৩

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১৪

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১৫

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১৬

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

১৭

কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৯

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

২০