
ডেস্ক রিপোর্ট: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিধিমালা অমান্য করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা বাড়ল নির্বাচন কমিশনের (ইসি)। এতে কমিশন কোনো মাধ্যমে লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করতে পারবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইউপি নির্বাচনের আচরণবিধিমালা সংশোধন করে প্রার্থিতা বাতিলের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এক্ষেত্রে বিধিমালার বিধি ৩২-এর উপবিধি ১ ও ২ সংশোধন করা হয়েছে।
বিধিতে আগে যা বলা ছিল
কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল—(১) এই বিধিমালার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস হইতে প্রাপ্ত রেকর্ড বা লিখিত রিপোর্ট হইতে কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিয়াছেন বা লঙ্ঘনের চেষ্টা করিয়াছেন এবং অনুরূপ লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টার জন্য তিনি চেয়ারম্যান বা ক্ষেত্রমত, সদস্য নির্বাচিত হইবার অযোগ্য হইতে পারেন, তাহা হইলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ প্রদান করিতে পারিবে।
এ ছাড়া, (২) উপবিধি (১)-এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা তাহার নির্দেশে বা তাহার পক্ষে তাহার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিয়াছেন বা লঙ্ঘনের চেষ্টা করিয়াছেন এবং অনুরূপ লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টার জন্য তিনি চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হইবার অযোগ্য হইতে পারেন, তাহা হইলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করিতে পারিবেন।
সংশোধনের পর যা প্রতিস্থাপন করা হয়েছে
(১) এই বিধিমালার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস হইতে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্ট হইতে কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিয়াছেন বা লঙ্ঘনের চেষ্টা করিয়াছেন, তাহা হইলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ প্রদান করিতে পারিবে।
(২) উপবিধি (১)-এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার নির্বাচনী এজেন্ট বা তাহার নির্দেশে বা তাহার পক্ষে তাহার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিয়াছেন বা লঙ্ঘনের চেষ্টা করিয়াছেন, তাহা হইলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করিতে পারিবে।
ইসি কর্মকর্তারা বলছেন, আগের বিধান অনুযায়ী, কোনো লিখিত অভিযোগ এলেই তদন্তের বাধ্যবাধকতা ছিল না। এক্ষেত্রে ইসির কাছে অভিযোগটি প্রার্থিতা বাতিলের মতো মনে হলেই কেবল তদন্তের নির্দেশ দিতে পারত। এখন লিখিত অভিযোগ এলেই হবে; অভিযোগটি প্রার্থিতা বাতিল হওয়ার মতো কি না, তা আর বিবেচনা করতে হবে না। ফলে কমিশন প্রার্থী বা তার পক্ষে কেউ বিধিমালা অমান্য করলে অন্য কোনো বিবেচনা ছাড়াই তদন্তের নির্দেশ দিতে পারবে। আর তদন্তে সেই অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করে দিতে পারবে।
এবারের ইউপি নির্বাচন দলীয়ভাবে না হয়ে নির্দলীয়ভাবে সম্পন্ন হবে। তাই নির্বাচন বিধিমালা ও প্রার্থীর আচরণবিধিমালা সংশোধন করেছে ইসি। সেভাবেই বিধিবিধানগুলোতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, প্রার্থীদের আইনকানুন মেনেই নির্বাচনে অংশ নিতে হবে। কোনো ব্যত্যয় হলে আমরা ছাড় দেব না।
এবারের বিধিমালায় এআই ব্যবহার করে ভোটে অপপ্রচার ও কুৎসা রটনার শাস্তির বিধান রাখা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মিছিলে, পোস্টারে প্রচার তুলে দেওয়া হয়েছে। মাইকের ব্যবহার দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। এ ছাড়া আনা হয়েছে বেশ কিছু মৌলিক পরিবর্তন। এসব বিধান না মানলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। এ ছাড়া কমিশন সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিল করতে পারবে।
আরও পড়ুন
মাইকে প্রচার সূর্যাস্ত পর্যন্ত, পুলিশের সম্মতিতে সভা
নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন