
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সাইফুল ইসলাম সজল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি মো. রাকিব হাসান, সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি মো. নুরুন্নবী ও অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়িত হন, তাহলে তাঁর শিক্ষার মূল্য থাকে না। একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো: ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, আইন সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক হাসানুল বান্না, সাতক্ষীরা সিটি কলেজ শিবিরের সভাপতি মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ ।
অনুষ্ঠানে সেমিস্টার ভিত্তিক রেজাল্টে প্রথম হওয়া ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি প্রথম সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের কোরআন, চাবি রিং, বিভিন্ন ইসলামিক বই, ছাত্রশিবিরের পরিচিতিসহ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরীয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।

মন্তব্য করুন