
সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়; বরং গোপাখালী, দাদপুর ও টাউনশ্রীপুর-পালপাড়াসহ আশপাশের ৩-৪টি গ্রামের শিশু-কিশোর, যুবসমাজ ও সাধারণ মানুষের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।
প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থের মাঠে সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে খেলার মাঠটি সংকুচিত হয়ে পড়ার শংকা দেখা দিয়েছে। তাই নির্মিতব্য ভবনের নকশা ও পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি উঠেছে।
উপজেলার তরুণ সমাজ, সচেতন মহল ও গোপাখালী এলাকাবাসীর পক্ষ থেকে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে। তারা চায় খেলার মাঠটি বিদ্যমান অবস্থায় থাক।
প্রস্তাবিত নকশায় ভবনের ‘L’ অংশের উলম্ব দিক পূর্ব-পশ্চিম বরাবর দীর্ঘ হলে মাঠের ১০০ ফুটেরও বেশি অংশ ভবনের আওতায় চলে আসতে পারে। এতে মাঠের স্বাভাবিক পরিসর নষ্ট হয়ে তা খেলাধুলা ও অন্যান্য আয়োজনের অনুপযোগী হয়ে পড়বে।
২০২১-২২ সালে প্রাথমিক স্কেচ ম্যাপে ‘L’ আকৃতির উলম্ব অংশটি উত্তর-দক্ষিণ এবং আনুভূমিক অংশটি পূর্ব-পশ্চিম বরাবর নির্ধারিত ছিল। পরবর্তী সময়ে নকশার অবস্থানে কেন পরিবর্তন এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। পুরাতন ভবনের কিছুটা অংশ অপসারণ করে আগের মতো উলম্ব অংশ উত্তর-দক্ষিণ দিকে রেখে ভবনের বিন্যাস পুনর্বিবেচনা করা অথবা বিকল্প উপযুক্ত জায়গা চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে এলাকাবাসী উল্লেখ করেছেন, উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টারের প্রয়োজনীয়তা থাকলেও তা যেন খেলার মাঠ নষ্ট করে না হয়। মাঠ সংকুচিত হলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি যুবসমাজের মধ্যে হতাশা ও নানা সামাজিক ঝুঁকি বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ শৈশব ও জনস্বার্থ বিবেচনায় মাঠটি অক্ষত রেখে সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন দেবহাটার তরুণ সমাজ, সচেতন মহল ও এলাকাবাসী।
প্রেরক: জিসান আহমেদ

মন্তব্য করুন