
ডেস্ক রিপোর্ট: কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে সার বণ্টনের জন্য ৬৪ জেলায় প্রায় ৪ হাজার ৫০০ ডিলার নিয়োগ দিয়েছে সরকার। গত অক্টোবরে নিয়োগ দেওয়া এসব ডিলারের মধ্যে ৩ হাজার ৪৯৯ জনের তথ্য সংগ্রহ করেছে এশিয়া পোস্ট। এশিয়া পোস্টের এই বিশেষ আয়োজন ‘ইনসাইট স্টোরি’-তে উঠে আসা ৩ হাজার ৪৯৯ জন ডিলারের মধ্যে ২ হাজার ৯৯৪ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি পরিচয়ে ডিলারশিপ পেয়েছেন ২ হাজার ৮০৮ জন। আওয়ামী লীগ পরিচয়ে পেয়েছেন ১৫১ জন। জামায়াত পরিচয়ে ৩৩ জন এবং এনসিপি পরিচয়ে দুইজন ডিলারশিপ পেয়েছেন। আর ৫০৫ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তথ্য অনুযায়ী, নতুন করে নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে ২ হাজার ৯৯৪ জন রাজনৈতিক দল-সংশ্লিষ্ট। এ হার মোট সংখ্যার ৮৫ দশমিক ৫৭ শতাংশ। তাদের কেউ দলীয় নেতাকর্মী, কেউ নেতাকর্মীদের নিকটাত্মীয়।
কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সারা দেশে পরিবেশক হওয়ার জন্য ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে স্থানীয় কৃষি অফিসের সুপারিশের ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করা হয়। তবে পরে কয়েকটি উপজেলায় নিয়োগপ্রাপ্ত ডিলারের তালিকা স্থগিত করা হয়েছে।
সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত হওয়া ডিলারদের তালিকা নিয়ে অনুসন্ধান শুরু করে এশিয়া পোস্ট। ৬৩ জেলার ৩ হাজার ৪৯৯ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা যায়, অভিজ্ঞতা ও যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ব্যবসা, অভিজ্ঞতা বা গুদাম না থাকলেও দৃশ্যত রাজনৈতিক পরিচয়কে মানদণ্ড ধরা হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ৩ হাজার ৪৯৯ জনের মধ্যে ২ হাজার ৮০৮ জন বিএনপি নেতাকর্মী বা তাদের নিকটাত্মীয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ১৫১ জন। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ৩৩ জন ডিলারশিপ পেয়েছেন। এনসিপির সঙ্গে যুক্ত এমন ডিলার মাত্র দুজন। আর ৫০৫ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বিএনপির সংশ্লিষ্টতার হার সবচেয়ে বেশি লক্ষ্মীপুর, চাঁদপুর, বান্দরবান, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁয়। এসব জেলায় শতভাগ পরিবেশক দলটির নেতাকর্মী বা তাদের পরিবারের সদস্য।
১৯ জেলায় এ হার ৯০ শতাংশের বেশি। এর মধ্যে রংপুর ৯৮ দশমিক ৮ শতাংশ, ভোলা ৯৮, কিশোরগঞ্জ ৯৭ দশমিক ৭, পঞ্চগড় ৯৭ দশমিক ৪ এবং কক্সবাজারে ৯৭ দশমিক ৩ শতাংশ বিএনপি সংশ্লিষ্ট। যশোরে এ হার ৯৫ দশমিক ৯ শতাংশ। গাজীপুর ও মেহেরপুরে ৯৫ শতাংশ, কুড়িগ্রাম ৯৪ দশমিক ৯, শেরপুর ৯৪ দশমিক ৬, গাইবান্ধা ৯৩ দশমিক ৮ এবং চুয়াডাঙ্গায় ৯৩ দশমিক ৩ শতাংশ বিএনপি সংশ্লিষ্ট। ময়মনসিংহ ও জয়পুরহাটে এই হার যথাক্রমে ৯২ দশমিক ৯ এবং ৯১ দশমিক ৪ শতাংশ। পিরোজপুরে ৯১ দশমিক ৩ শতাংশ, দিনাজপুর ৯১ দশমিক ১, কুমিল্লা ৯০ দশমিক ৯, মাগুরা ৯০ দশমিক ৯ এবং নরসিংদীতে ৯০ দশমিক ৮ শতাংশ বিএনপি-সংশ্লিষ্ট।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ডিলার সবচেয়ে বেশি ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ জন। এরপর পটুয়াখালীতে ১২ ও কুমিল্লায় ১১ জন। ফরিদপুর, নীলফামারী ও সুনামগঞ্জে ৭ জন করে আওয়ামী লীগের নেতাকর্মী ডিলারশিপ পেয়েছেন।
প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রামে আটজন। কুমিল্লায় পাঁচজন ও সাতক্ষীরায় চারজন। এনসিপির একজন করে ডিলার আছেন পটুয়াখালী ও ঝালকাঠিতে।
সূত্র: এশিয়া পোস্ট

মন্তব্য করুন