বাংলাদেশ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ নভেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য থেকে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর ডাকে সংলাপে যাচ্ছেন বলে জানালেন তিনি। তবে একই সঙ্গে বললেন, জাতীয় ঐক্য গড়ার প্রশ্নে বিএনপিকে আগে অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাইতে হবে।

যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে রবিবার সন্ধ্যায় দেশে ফেরেন নাহিদ। এরপর শাহজালাল বিমানবন্দরে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর ডাকা সংলাপ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে এই সংলাপ।

নাহিদ বলেন, শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐক্যের কথা বলা হবে, আর জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে— এমন প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না। জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে।

‘অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে।’

গণভোটের রায় মেনে জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধনের দাবি জানিয়ে আসছে এনসিপি। সেজন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছিল তাদের। তবে বিএনপি সেপথে না হেঁটে সংবিধান সংশোধেনে বিশেষ কমিটি গঠন করলে তাতে অংশ নেয়নি এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো।

নাহিদ বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে সরকার যে সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়, সে বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে ইতিবাচক বার্তা যাবে।

তবে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সংলাপে যাওয়ার কথা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈঠকে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান নাহিদ।

তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

যুক্তরাজ্য সফরের লন্ডনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নিজের ওপর হামলার প্রসঙ্গে নাহিদ বলেন, গত ১৬ নভেম্বর তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল।

এর জন্য ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, অনলাইন বৈঠক করে এই হামলার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে প্রবাসী বাংলাদেশিরা ঢাল হয়ে তাদের রক্ষা করেছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তার দাবি, সরকারের উদাসীনতার কারণেই পরিস্থিতি এই পর্যায়ে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

১

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

২

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৩

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৪

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৫

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৬

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৭

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৮

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

৯

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১০

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১১

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১২

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৩

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৪

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৫

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৬

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৭

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৮

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

১৯

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

২০