
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আদালত চত্বর থেকে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালত চত্বরের জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমুল হুদাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তুটি টেনিস বল আকৃতির। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া এটি আসলে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কারা সেখানে ফেলে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য করুন