
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার, পাড়া-মহল্লায় সবখানেই এখন আলোচনার কেন্দ্রে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।
কে হচ্ছেন ইউনিয়নের আগামী দিনের কাণ্ডারী? তা নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই।
ধুলিহর ইউনিয়নে এ পর্যন্ত অন্তত চারজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
এরা হলেন, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু এবং সাবেক একাধিকবারের ইউপি সদস্য শামীম রেজা চৌধুরী। এছাড়া বর্তমান ও সাবেক একাধিক চেয়ারম্যানও হতে পারেন প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ধুলিহর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের নয়টি ওয়ার্ডে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দোয়া ও সমর্থন পেতে শুরু করেছেন গণসংযোগ।
পরিচিতিমূলক পোস্টার, ব্যানার, মোটরসাইকেল শোভাযাত্রা, হাটবাজারে গণসংযোগ, পাড়া মহল্লায় সভা সমাবেশ ও উঠান বৈঠকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা।
সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে গণসংযোগের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তাদের বক্তব্যে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখারও আশ্বাস দিচ্ছেন তারা।
সাতক্ষীরা পৌরসভার নিকটবর্তী বেতনা নদীর তীরঘেঁষা কৃষিপ্রধান ধুলিহর ইউনিয়নের ভোটারদের কাছে এবারের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে জলাবদ্ধতা। গত পাঁচ থেকে সাত বছর ধরে জলাবদ্ধতার কারণে ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে থাকে। অনেক এলাকায় বছরে একটির বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয় না। জলাবদ্ধতার প্রভাবে বসতবাড়ি, গোয়ালঘরসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি ইউনিয়নের অধিকাংশ সড়কও বেহাল অবস্থায় রয়েছে।
তবে সম্প্রতি বেতনা নদী পুনঃখননের পর চলতি বছর ইউনিয়নের কয়েকটি এলাকায় আমন ধানের আবাদ হয়েছে। এতে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারপরও আসন্ন নির্বাচনে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন ভোটাররা।
তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, ধুলিহর ইউনিয়নে কয়েক বছর ধরে জলাবদ্ধতার কারণে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেবেন এবং কৃষকদের স্বার্থে কাজ করবেন।
আবু সাঈদ নামে আরেক ভোটার বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করতে চাই, যিনি শিক্ষিত, মার্জিত ও জনবান্ধব হবেন। গরিব-অসহায় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াবেন এবং সবার জন্য সমানভাবে কাজ করবেন। পাশাপাশি এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে উদ্যোগ নেবেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্লাদ রায় জানান, ধুলিহর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ১০ হাজার ৯৩১ জন।
সব মিলিয়ে ধুলিহর ইউনিয়নে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। চায়ের আড্ডা থেকে রাজনৈতিক আলোচনায় এখন ঘুরেফিরে আসছে সম্ভাব্য প্রার্থীদের নাম।

মন্তব্য করুন